IPL 2025: আইপিএলে আজ জোড়া ম্যাচ, একঝাঁক ক্রিকেটারের সামনে নজিরের হাতছানি, জানুন বিস্তারিত
IPL 2025: আইপিএলে আজ ডাবল হেডার। বিকেল সাড়ে তিনটে থেকে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালস খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে।
এরপর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের সামনে চেন্নাই সুপার কিংস। এই দুটি ম্যাচেই বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে রয়েছে নজিরের হাতছানি।

সানরাইজার্স হায়দরাবাদের হেইনরিখ ক্লাসেন যদি আজ ১৩ রান করেন তাহলে অরেঞ্জ আর্মির হয়ে আইপিএলে তাঁর ১ হাজার রান পূর্ণ হবে। জয়দেব উনাদকাট অপেক্ষায় রয়েছেন কেরিয়ারের ২০০তম টি২০ খেলার জন্য। ২৫০তম টি২০ উইকেট দখল করতে হর্ষল প্যাটেলের দরকার ৩ শিকার।
দিল্লি ক্যাপিটালস যদি করুণ নায়ারকে খেলায় তবে ৪ রান করলে তাঁর আইপিএলে দেড় হাজার রান পূর্ণ হবে। টি২০-তে সাড়ে তিন হাজার রান করতে করুণের দরকার ৩৮ রান। বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল ৪৪ রান করলে টি২০-তে তাঁর ১ হাজার রান পূর্ণ হবে।
Beautiful Kaptaan with a beautiful Batter 😂🔥 pic.twitter.com/S8n7s1Z4BM
— Delhi Capitals (@DelhiCapitals) March 29, 2025
দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাট হাতে নজির স্পর্শ করতে পারেন। আজ অক্ষর যদি ১১ রান করেন তাহলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে তাঁর ১ হাজার রান পূর্ণ হবে। দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৫০টি উইকেট দখল থেকে কুলদীপ যাদব এক কদম দূরে।
রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার আজ যদি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২ উইকেট নেন, তবে আইপিএলে তাঁর শিকারের সংখ্যা হবে ৫০। এই নজির স্পর্শের জন্য তুষার দেশপাণ্ডের দরকার ৫ উইকেট। ২ রান করলে আইপিএলে সঞ্জু স্যামসনের সাড়ে চার হাজার রান পূর্ণ হবে। টি২০-তে ৫ হাজার রান করতে শিমরন হেটমায়ারের লাগবে ৪৬ রান।
চেন্নাই সুপার কিংসের একাদশে যদি ডেভন কনওয়েকে রাখা হয় তবে তিনি ৭৬ রান করলে আইপিএলে ১ হাজার রান করার মাইলস্টোন ছোঁবেন। আইপিএলে দেড় হাজার রান করতে দীপক হুডার প্রয়োজন ৩২ রান।
চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৯ রান করলে ভারতের মাটিতে টি২০-তে চার হাজার রান পূর্ণ করবেন। টি২০-তে ৫ হাজার রান করতে তাঁর দরকার ৭৩ রান। আইপিএলে আড়াই হাজার রানের মাইলস্টোন ছুঁতে ঋতুরাজের প্রয়োজন ১৭ রান।
এদিন যে চারটি দল খেলবে তাদের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট তালিকায় তারা রয়েছে পাঁচে। ১ ম্য়াচে ২ পয়েন্ট নিয়ে, নেট রান রেট ০.৩৭১। সানরাইজার্স হায়দরাবাদের ২ ম্যাচে ২ পয়েন্ট। তারা রয়েছে ছয়ে। নেট রান রেট মাইনাস (-) ০.১২৮।
চেন্নাই সুপার কিংস আছে আটে। ২ ম্যাচে তাদেরও পয়েন্ট ২। নেট রান রেট মাইনাস (-) ১.০১৩। রাজস্থান রয়্যালস ২ ম্যাচের দুটিতেই হেরে রয়েছে সকলের নীচে। নেট রান রেট মাইনাস (-) ১.৮৮২।












Click it and Unblock the Notifications