IPL 2025: ধোনি-অশ্বিনের যুগলবন্দির শিকার নীতীশ, বেগুনি টুপি স্টার্কের থেকে ছিনিয়ে নিলেন নূর
IPL 2025: চলতি আইপিএলে টানা তিনটি ম্যাচে স্টাম্প আউট করলেন মহেন্দ্র সিং ধোনি। সূর্যকুমার যাদব ও ফিল সল্টকে অসামান্য ক্ষিপ্রতা, রিফ্লেক্সের প্রমাণ রেখে স্টাম্প আউট করেছিলেন ধোনি।
চোখের নিমেষে সেই দুই স্টাম্পিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে যথারীতি। আর আজ গুয়াহাটিতে ক্রিকেটপ্রেমীরা নস্ট্যালজিয়ায় ডুব দিলেন রবিচন্দ্রন অশ্বিন ও মহেন্দ্র সিং ধোনির দুরন্ত বোঝাপড়া দেখে।

নীতীশ রানা যেভাবে খেলছিলেন তাতে একটা সময় মনে হচ্ছিল চেন্নাই সুপার কিংসকে বুঝি দুশোর উপর রান তাড়া করতে হবে। কিন্তু তা হলো না। টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিল চেন্নাই সুপা কিংস।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তুলল ১৮২। চেন্নাই জিতলে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতেই পারে অশ্বিনের বলে নীতীশ রানার স্টাম্প আউট হওয়া। ১২তম ওভারের তৃতীয় বলে অশ্বিনের শিকার হন নীতীশ।
নীতীশ রানা তিনে নেমে ১০টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৮১ রান করলেন। তিনি আউট হন দলের ১২৪ রানের মাথায়। অশ্বিনের ওভারের প্রথম বলে ১ রান নিয়ে রানাকে স্ট্রাইক দেন রিয়ান পরাগ। এর পরের দুটি বলে যথাক্রমে ছয় ও চার মারেন নীতীশ।
পরের ডেলিভারি করতে গিয়ে অশ্বিন খেয়াল করেছিলেন আগ্রাসী মেজাজে থাকা নীতীশ ক্রিজ থেকে সামান্য বেরিয়ে আসছেন। আর তখনই অফ স্টাম্পে ওয়াইড বল করেন অশ্বিন। সতর্ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বলটি ধরে উইকেট ভাঙতে দেরি করেননি।
R. Ashwin got his man Nitish Rana 81(36)
— Arv (@Arv922137579481) March 30, 2025
One of the worse match with ball for Ash 4-46-1#IPL2025 #csk #Dhoni pic.twitter.com/NmjPq6AKV3
অশ্বিনের ওয়াইড বল, তা ধরে নিয়ে ধোনির স্টাম্প আউট করা। দুরন্ত বোঝাপড়া ও চমকপ্রদ রণকৌশলের শিকার হন নীতীশ। অশ্বিন এদিন পুরো চার ওভার করলেন। তিনি যেমন সিএসকেতে ফেরার পর প্রতি ম্যাচে উইকেট পেলেন, তেমনই ধোনি টানা তিনটি ম্যাচে স্টাম্পিং করলেন।
রাজস্থান রয়্যালসের হয়ে নীতীশ সর্বাধিক রান করলেন। যশস্বী জয়ওয়াল এদিন ৩ বলে ৪ রান করে আউট হলেন। সঞ্জু স্যামসন ২০, রিয়ান পরাগ ৩৭, ধ্রুব জুরেল ৩, ওয়ানিন্দু হাসারঙ্গা ৪, শিমরন হেটমায়ার ১৯, জোফ্রা আর্চার ০, কুমার কার্তিকেয় ১ রান করেন। মাহিশ থিকশানা ২ ও তুষার দেশপাণ্ডে ১ রানে অপরাজিত থাকেন।
খলিল আহমেদ ৪ ওভারে ৩৮, নূর আহমেদ ও মাথিশা পাথিরানা- দুজনেই ৪ ওভারে ২৮ রান করে দিয়ে দুটি করে উইকেট নিলেন। পাথিরানা ১১টি ও খলিল ১২টি ডট বল করেন। অশ্বিন ৪ ওভারে ৪৬ রান দিয়ে পেলেন ১টি উইকেট। নূর এদিন ২ উইকেট নেওয়ায় চলতি আইপিএলে তাঁর উইকেট-সংখ্যা হলো ৯। মিচেল স্টার্কের থেকে ছিনিয়ে নিলেন বেগুনি টুপি।
এদিকে, পরিসংখ্যান বলছে ২০১৯ সালের পর ১৮০ রানের বেশি টার্গেট তাড়া করে জিততে পারেনি চেন্নাই সুপার কিংস। সেই ধারা আজ বদলায় কিনা তা বলবে সময়।












Click it and Unblock the Notifications