IPL 2024, CSK vs KKR: কেকেআরের অশ্বমেধের দৌড় থামাল দাপুটে সিএসকে, ব্যাটিংয়ে ঋতু-রাজ
IPL 2024, CSK vs KKR: আইপিএলে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের দাপট অব্যাহত রইল। যার নিট ফল চলতি মরশুমে প্রথম পরাজয়ের সম্মুখীন হলো কলকাতা নাইট রাইডার্স।
টস হেরে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই আটকে যায় কেকেআর। এরপর ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়কোচিত অর্ধশতরান হাঁকিয়ে নিশ্চিত করলেন দাপুটে জয়।

কেকেআর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছিল। তিনটি চারের সাহায্যে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ বলে ৩৪ রান করেন। সুনীল নারিন ২৪, অঙ্গকৃষ রঘুবংশী ২৪, রামনদীপ সিং ১৩, আন্দ্রে রাসেল ১০ রান করেন। তিনটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপাণ্ডে। মু্স্তাফিজুর রহমান ২টি ও মাহিশ থিকশানা একটি উইকেট নেন।
জবাবে খেলতে নেমে পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারের মধ্যে একটি উইকেটই হারায় চেন্নাই সুপার কিংস। ৩.২ ওভারে রাচিন রবীন্দ্র ৮ বলে ১৫ রান করে বৈভব অরোরার শিকার হন। ২৭ রানে পড়ে প্রথম উইকেট। সিএসকের দ্বিতীয় উইকেট তুলতে কেকেআরকে অপেক্ষা করতে হয় ১২.৩ ওভার অবধি।
দলের ৯৭ রানের মাথায় সাজঘরে ফেরেন ড্যারিল মিচেল। ১টি করে চার ও ছয়ের সাহায্যে তিনি ১৯ বলে ২৫ রান করেন। এরপর ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শিবম দুবেকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ঋতুরাজ। তিনি এদিন ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন।
১৬.৫ ওভারে ১৩৫ রানে তৃতীয় উইকেট হারায় সিএসকে। শিবম দুবে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে বোল্ড হন। শিবমের উইকেট পড়ার পর ব্যাট হাতে নামেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের জিততে তখন দরকার ছিল ১৯ বলে ৩। ধোনি প্রথম বলে কোনও রান করতে পারেননি।
ধোনির আগমনের সময় থেকেই গর্জে ওঠে গ্যালারির হলুদ সমুদ্র! ১৮তম ওভারের প্রথম বলে ঋতু ১ রান নেন। ফের স্ট্রাইকে ধোনি। দ্বিতীয় বলেও তিনি রান করতে পারেননি। তৃতীয় বলে এক রান নিতেই কেকেআরের রান ছুঁয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। ১৮.৪ ওভারে ঋতুরাজ উইনিং শট নিয়ে ৭ উইকেটে জয় সুনিশ্চিত করেন।
এবারের আইপিএলে চেন্নাইয়ে প্রথম দুটি ম্যাচ জেতার পর বিশাখাপত্তনম ও হায়দরাবাদে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে গিয়েছিল সিএসকে। ফের চেন্নাইয়ে ফিরেই জয়ের সরণিতে ফিরল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
৯টি চারের সাহায্যে ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। ধোনি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। বৈভব ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি ও সুনীল নারিন ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। কেকেআর হারলেও ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রইল দ্বিতীয় স্থানেই (নেট রান রেট ১.৫২৮)। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে সিএসকে (নেট রান রেট ০.৬৬৬)। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের আগে তৃতীয় স্থানে লখনউ (নেট রান রেট ০.৭৭৫)।












Click it and Unblock the Notifications