IPL 2024: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন রোহিত? আরও দুই তারকাকে নিয়ে জল্পনা
IPL 2024: আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ভাঙনের আশঙ্কা। এবারের আইপিএল শেষ হলেই। রোহিত শর্মা এবারের আইপিএলের পরেই মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন বলে দাবি করেছে একটি সংবাদমাধ্যম।
আরও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জল্পনা রয়েছে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহর আইপিএল দল ত্যাগ করার বিষয়টি নিয়ে। টি২০ বিশ্বকাপে যার প্রভাব পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আইপিএলে আচমকাই অধিনায়ক বদলের পথে হেঁটেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমে রোহিত শর্মাকেই অধিনায়ক রেখে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এর পরেই হার্দিক পাণ্ডিয়াকে ফিরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়।
রোহিত শর্মা নিজে মুখ না খুললেও তাঁর স্ত্রী ইঙ্গিতবাহী সোশ্যাল মিডিয়া পোস্টে অসন্তোষের আভাস দিয়েছিলেন। রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স ড্রেসিংরুমের অনেকেই। সমর্থকরাও মানতে পারেননি অধিনায়কের পদ থেকে রোহিতের অপসারণ।
এবারের আইপিএলে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। স্টেডিয়ামে রোহিত শর্মার নামে জয়ধ্বনি উঠছে। একইসঙ্গে বিদ্রুপ করা হচ্ছে অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্ক যে আগের মতো নেই, মাঠেও তার আভাস মিলছে।
নিউজ ২৪-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার জানিয়েছেন, চলতি মরশুমের শেষেই আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দিতে পারেন রোহিত শর্মা। এমনকী জানা যাচ্ছে, রোহিতের মতোই জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদবও একই পথে হাঁটতে পারেন।
আগামী বছরের আইপিএলের আগে মেগা নিলাম হবে। মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুম যে আর সুখের সংসার নেই, তা ভালোমতোই বোঝা যাচ্ছে। হার্দিকের বেশ কিছু সিদ্ধান্ত রোহিত মানতে পারছেন না। আর তাতেই বেড়ে চলেছে সমস্যা। হার্দিক বেশি চাপে পড়েছেন দল হেরে চলেছে বলে।
আইপিএল চলাকালীন অধিনায়ক বদলের বিষয়টি নতুন নয়। এবার মুম্বই ইন্ডিয়ান্স তেমন পথে হাঁটতেও পারে বলে জল্পনা রয়েছে। আর ২টি ম্য়াচ হার্দিকের কাছে অগ্নিপরীক্ষা বলে মনে করা হচ্ছে। দল ঘুরে দাঁড়াতে না পারলে ক্যাপ্টেন্সির ব্যাটন রোহিতের হাতে দিতে চাইতেই পারেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। যদিও রোহিত তাতে রাজি হবেন না বলেই খবর। কেন না, তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন বলে দাবি সংবাদমাধ্যমের একাংশের।
রোহিত এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৩ ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৬ রান করেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আউট হন শূন্য রানে।












Click it and Unblock the Notifications