IPL 2024: নিলামে কারা সবথেকে বেশি দাম পাবেন? জেনে নিন অশ্বিনের ভিন্নধর্মী ভবিষ্যদ্বাণী
মঙ্গলবার আইপিএলের মেগা নিলাম। এই প্রথমবার ভারত নয়, বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নিলাম। দুবাইতে আইপিএলের নিলাম ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সব দলই অঙ্ক কষতে ব্যস্ত শেষ মুহূর্তে। এমনিতেই গত কয়েক সপ্তাহ আগেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে জমা দিয়েছে দলগুলি। বাকি ফাঁক ফোকর ভরাটের জন্য নিলামের টেবিলে বসছে ১০ দল।
মেগা নিলামে একদিকে যেমন রয়েছেন সদ্য বিশ্বকাপ জেতা একাধিক অস্ট্রেলিয়ান ক্রিকেটার তেমনই আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফৱম্যান্স করা একাধিক ভারতীয়। কিন্তু কারা পেতে পারেন রেকর্ড দাম। কোন ক্রিকেটারদের নিয়ে ঝড় উঠবে দলগুলির মধ্যে। এই নিয়ে আগাম পূর্বাভাস দিলেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউ টিউব চ্যানেলে ভবিষ্যদ্বাণী করে অশ্বিন জানালেন কাদের দর সবথেকে বেশি উঠবে এবং কেন?

অশ্বিন জানিয়েছেন, স্লগ ওভারে যে ব্যাটাররা দ্রুত রান তুলতে ওস্তাদ, তাঁরা ১০ থেকে ১৪ কোটি টাকা পেতে পারেন। টি২০ ক্রিকেটে বরাবরই ফিনিশারদের একটা আলাদা প্রাধান্য দেওয়া হয়। সেটা মঙ্গলবারের নিলামেও বজায় থাকবে বলেই আগাম জানিয়েছেন অশ্বিন।
দেশীয় ক্রিকেটারদের মধ্যে অশ্বিনের টেক্কা শাহরুখ খান। তাঁর রাজ্যের ক্রিকেটারের দাম ১০ থেকে ১৪ কোটি টাকার মধ্যে থাকবে বলে মনে করছেন অভিজ্ঞ স্পিনার। বিশ্বকাপে সাড়া জাগানো পারফরম্যান্স করা নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্রকে নিয়ে খুব একটা আশাবাদী নন অশ্বিন। তাঁর মতে কিউয়ি অলরাউন্ডারের দাম উঠতে পারে ৪ থেকে ৭ কোটি টাকার মধ্যে।
বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেডকে নিয়ে খুব মাতামাতি হলেও তাঁকে নিয়ে খুব বেশি উচ্ছসিত নন অশ্বিন। বর্ষীয়ান এই ভারতীয় ক্রিকেটারের কথায়, অসি ব্যাটারের দাম ২ থেকে ৪ কোটির মধ্যে থাকবেন।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এ বারের নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অশ্বিন। অশ্বিনের মতে, অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের দাম উঠতে পারে ১৪ কোটি টাকার বেশি।












Click it and Unblock the Notifications