IPL 2024: গুজরাত টাইটান্সকে ছোঁয়ার সুযোগ দিল্লি ক্যাপিটালসের, দুই দলের একাদশ কেমন হতে পারে?
IPL 2024: আইপিএলে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স খেলতে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ৬ ম্যাচে গুজরাতের রয়েছে ৬ পয়েন্ট, দিল্লির ৪।
ফলে নিজেদের সপ্তম ম্যাচে জিতলে পয়েন্টের নিরিখে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসকে ছুঁয়ে ফেলবে দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে পারস্পরিক দ্বৈরথের নিরিখে গুজরাত টাইটান্স এগিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালসের চেয়ে। ২০২২ সালে পুনেতে প্রথম সাক্ষাতে গুজরাত জেতে ১৪ রানে। গত বছর প্রথম সাক্ষাতে দিল্লিতে গিয়ে ক্যাপিটালসকে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত। যদিও এরপর নিজেদের হোম ম্য়াচে ৫ রানে দিল্লির কাছে হারে টাইটান্স।
দিল্লি ক্যাপিটালস শিবির জর্জরিত চোট সমস্যা নিয়ে। মিচেল মার্শ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। ডেভিড ওয়ার্নারের হাতের চোট সেরেছে কিনা তা স্পষ্ট নয়। ওয়ার্নার না খেলতে পারলে অভিষেক পোড়েলকে ওপেন করতে পাঠাতে পারে ঋষভ পন্থের দল।
গুজরাত টাইটান্স শিবিরে স্বস্তির খবর গত কয়েকদিন ধরে নেটে অনুশীলন করছেন ডেভিড মিলার। চোটের কারণে তাঁকে তিনটি ম্যাচে পায়নি টাইটান্স। মিলার ফিরলে ম্যাথু ওয়েড বাদ পড়বেন। ঋদ্ধিমান সাহা দলে ফিরছেন।
ঋদ্ধি দিন দুয়েকের জন্য কলকাতায় ছুটি কাটিয়ে গিয়েছেন। তিনি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন, উইকেটকিপিংও করেছেন। ব্যাক স্প্যাজমের কারণে ঋদ্ধি দুটি ম্যাচে খেলতে পারেননি। মোহিত শর্মা ও শাহরুখ খানের মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ারের অদলবদল সারতে পারে টাইটান্স।
আমেদাবাদে প্রথম যে দুটি ম্যাচ হয়েছে তাতে প্রথম ইনিংসের স্কোর ছিল ১৬৮ ও ১৬২। কিন্তু পাঞ্জাব কিংস ম্যাচে তা বেড়ে হয় ১৯৯। শেষ দুটি ম্যাচে রান তাড়া করা দলই জিতেছে। কালও টস জিতলে সেই পথেই হাঁটতে পারেন সংশ্লিষ্ট অধিনায়ক।
আমেদাবাদে তাপপ্রবাহ চলছে। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি। ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।
গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, উমেশ যাদব, স্পেনসার জনসন, মোহিত শর্মা। ব্যাটিংয়ের সময়- শাহরুখ খান।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- পৃথ্বী শ, অভিষেক পোড়েল, শেই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ। বোলিংয়ের সময়- ঝেই রিচার্ডসন।












Click it and Unblock the Notifications