IPL 2024 Mini Auction: ধোনি থেকে কারান! আইপিএলের কোন নিলামে কোন ক্রিকেটার পেয়েছেন সর্বাধিক দর?
IPL 2024 Mini Auction: আইপিএলের সপ্তদশ সংস্করণের মিনি অকশনের আসর বসছে কাল দুবাইয়ে। কোকাকোলা অ্যারেনায় ভারতীয় সময় বেলা ১টা থেকে শুরু হবে নিলাম।
ঝাড়াই-বাছাই করে ৩৩৩ জন ক্রিকেটারের নাম রাখা হয়েছিল। তার থেকে কয়েকজন নাম প্রত্যাহার করেছেন। কোন দেশের ক্রিকেটাররা পুরো ও আংশিক আইপিএলে অংশ নিতে পারবেন সেই তালিকাও চলে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের কাছে।

২০২৩ সালে আইপিএলের আগে যে নিলাম হয়েছিল তাতে সর্বকালীন রেকর্ড গড়ে পাঞ্জাব কিংসে গিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কারান। টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে পাঞ্জাব কিংস কিনেছিল ১৮.৫ কোটি টাকা দিয়ে। আবার মিনি অকশনে ২০২১ সালের মিনি অকশনে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন ক্রিস মরিস।
২০০৮ সালের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দর উঠেছিল মহেন্দ্র সিং ধোনির। মাহিকে ১.৬ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। ২০০৯ সালের আইপিএলের জন্য যে নিলাম হয়েছিল তাতে ৯.৮ কোটি টাকা করে দিয়ে চেন্নাই সুপার কিংস নেয় অ্যান্ড্রু ফ্লিন্টফকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়েছিল কেভিন পিটারসেনকে।
২০১০ সালের আইপিএলের আগে নিলাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স কায়রন পোলার্ড ও কলকাতা নাইট রাইডার্স শেন বন্ডকে নেয়। দুই দলই খরচ করেছিল ৪.৮ কোটি টাকা করে। ২০১১ সালের আইপিএলের নিলামে গৌতম গম্ভীরকে ১১.০৪ কোটি টাকার বিনিময়ে নিয়েছিল কেকেআর। গম্ভীরের নেতৃত্বে নাইটরা ২০১২ ও ২০১৪ সালে আইপিএল জেতে।
২০১৩ সালের আইপিএলের নিলামে গ্লেন ম্যাক্সওয়েল সকলকে টেক্কা দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যান ৬.৩ কোটি টাকার বিনিময়ে। ২০১৪ ও ২০১৫ সালের নিলামে পরপর দু-বার যুবরাজ সিং শীর্ষে থাকেন। ২০১৪ সালে আরসিবি যুবিকে নেয় ১৪ কোটি টাকায়, পরের মরশুমে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজকে নিয়েছিল ১৬ কোটি টাকায়।
২০১৬ সালের আইপিএলের নিলামে সর্বাধিক ৯.৫ কোটি টাকায় শেন ওয়াটসনকে কেনে আরসিবি। ২০১৭ ও ২০১৮ সালের নিলামে সবচেয়ে বেশি দর পান বেন স্টোকস। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্ট স্টোকসকে কেনে সাড়ে ১৪ কোটি টাকায়। পরের মরশুমে রাজস্থান রয়্যালস স্টোকসকে ছিনিয়ে নেয় সাড়ে ১২ কোটি টাকা খরচ করে।
২০১৯ সালের আইপিএল মিনি অকশনে বরুণ চক্রবর্তীকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নিয়েছিল ৮.৪ কোটি টাকায়। সেবারই সমপরিমাণ অর্থ জয়দেব উনাদকাটের জন্য ব্যয় করেছিল রাজস্থান রয়্যালস। ২০২০ সালের আইপিএল নিলামে প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর, সেবার সেটিই ছিল সর্বাধিক দর।
২০২১ সালে ক্রিস মরিসকে মিনি অকশন থেকে ১৬.২৫ কোটি টাকায় কেনে রাজস্থান রয়্যালস। ২০২২ সালের আইপিএল নিলামে ঈশান কিষাণকে সর্বাধিক ১৫.২৫ কোটি টাকায় কেনে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২৩ সালের আইপিএলের নিলামের আগে সব রেকর্ড ধুলোয় মিশিয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারের শিরোপা নেন স্যাম কারান।












Click it and Unblock the Notifications