IPL 2023: রোহিত শর্মা সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে গড়লেন জোড়া নজির, প্রশংসা রবি শাস্ত্রীর
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে দায়িত্বশীল, অধিনায়কোচিত ইনিংস উপহার দিলেন রোহিত শর্মা। চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরানটি পেলেন নিজের শহরেই। এই ইনিংস খেলার ফাঁকে তিনি গড়ে ফেললেন জোড়া নজির।
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রথম ব্যাটার হিসেবে টি ২০-তে ৫ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন। বিশ্বের সপ্তম তথা বিরাট কোহলির পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি ২০-তে পূর্ণ করলেন ১১ হাজার রান।

এবারের আইপিএলে হিটম্যান চেনা ছন্দে ছিলেন না। তবে তাঁর দক্ষতায় আস্থা রেখে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আজকের মরণবাঁচন ম্যাচে ভালো খেলবেন রোহিত। সেটাই মিলল। স্টার স্পোর্টস স্টুডিও অনুষ্ঠানে রবি বলেছিলেন, রোহিতের কোনও মোটিভেশনের দরকার পড়ে না। তাঁর ভাগ্য খারাপ থাকাতেই রান পাচ্ছেন না।
রবি শাস্ত্রী বলেন, দুর্ভাগ্যের শিকার হয়েই ২-৩ বল খেলে রোহিত আউট হয়ে যাচ্ছেন। কিন্তু তাঁর ব্যাটে রান এসে গেলে তাঁকে থামানো খুবই কঠিন হবে। এখানেই রোহিত বাকিদের চেয়ে আলাদা। শাস্ত্রীর কথা মিলিয়ে এই ডু অর ডাই ম্যাচেই হাফ সেঞ্চুরি পেলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

রোহিত আজ অর্ধশতরান পূর্ণ করেন ৩১ বলে। তার আগে দ্বিতীয় উইকেট জুটিতে ক্যামেরন গ্রিনের সঙ্গে শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেন মাত্র ৫০ বলে। কয়েকবার জীবন পেলেও যে অর্ধশতরানটি তিনি পেলেন তা আত্মবিশ্বাস বাড়াবে। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে রোহিত ৩৭ বলে ৫৬ রান করে ময়াঙ্ক ডাগরের শিকার হন হিটম্যান।
২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৫ ওভারে ২০ রানে প্রথম উইকেট পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ১২ বলে ১৪ রান করে ঈশান কিষাণ আউট হন ভুবনেশ্বর কুমারের বলে। এরপর গ্রিনকে নিয়ে ১২৮ রানের পার্টনারশিপ গড়েন রোহিত। ১৩.১ ওভারে রোহিত আউট হলে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৪৮।

এবারের আইপিএলে ১৪ ম্যাচে ১৪ ইনিংসে রোহিত ৩১৩ রান করেছেন। গড় ২৪.০৮, স্ট্রাইক রেট ১৩৪.৯১। ২টি হাফ সেঞ্চুরি করেছেন। মেরেছেন ৩৩টি চার ও ১৬টি ছয়। আজ ৪২১তম টি ২০ খেলতে নামার আগে ১১ হাজার রান পূর্ণ করতে রোহিতের দরকার ছিল ৪০ রান।
রোহিতের আগে টি ২০-তে ১১ হাজার ক্লাবের সদস্য হয়েছেন ক্রিস গেইল (১৪৫৬২), শোয়েব মালিক (১২৫২৮), কায়রন পোলার্ড (১২১৭৫), বিরাট কোহলি (১১৮৬৪), ডেভিড ওয়ার্নার (১১৬৯৫) এবং অ্যারন ফিঞ্চ (১১৩৯২)।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications