IPL 2023: পাঞ্জাব কিংসকে ছিটকে দিয়ে টিকে রইল রাজস্থান রয়্যালস, চিন্তা বাড়ল কেকেআর-সহ ৩ দলের
দিল্লি ক্যাপিটালসের পর রাজস্থান রয়্যালস। ধরমশালায় এই দুই দলের কাছেই হোম ম্যাচগুলি হারল পাঞ্জাব কিংস। সরকারিভাবে আজই আইপিএল থেকে ছিটকে গেল শিখর ধাওয়ানের দল। রাজস্থান রয়্যালস দুরন্ত জয় ছিনিয়ে বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা।
দেবদত্ত পাড়িক্কল ও যশস্বী জয়সওয়ালের অর্ধশতরানের পাশাপাশি দুরন্ত ইনিংস খেললেন শিমরন হেটমায়ার। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হলো গতবারের রানার-আপদের।

জয়ের জন্য ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। কাগিসো রাবাডার ওভারে দ্বিতীয় বলেই জস বাটলার লেগ বিফোর হন। টানা তিনটি ম্যাচে তিনি শূন্য রানে আউট হলেন। শেষ ১০ ইনিংসে ৫ বার। এর আগে ৮৫টি আইপিএল ইনিংসে মাত্র ১ বার শূন্যে আউট হয়েছিলেন তিনি। বাটলার এদিন খেলেন ৪ বল।

১২ রানে প্রথম উইকেট পড়ার পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন যশস্বী জয়সওয়াল ও দেবদত্ত পাড়িক্কল। ৯.৫ ওভারে দলের ৮৫ রানের মাথায় আউট হন পাড়িক্কল। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে তিনি ৩০ বলে ৫১ রান করে অর্শদীপ সিংয়ের শিকার হন। ১০.৫ ওভারে দলের ৯০ রানের মাথায় রাহুল চাহারের শিকার সঞ্জু স্যামসন (৩ বলে ২)।

অধিনায়ক আউট হওয়ার পর নামেন শিমরন হেটমায়ার। তাঁর সঙ্গে জুটি বেঁধে লড়াই চালাতে থাকেন যশস্বী। ১৪.৩ ওভারে তাঁর উইকেটটি তুলে নেন নাথান এলিস। আটটি চারের সাহায্যে ৩৬ বলে ৫০ রান করে যশস্বী ফিরলে রাজস্থানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩৭। ১৭তম ওভারে তৃতীয় বলে স্যাম কারানের বলে হেটমায়ারের সহজ ক্যাচ ফেলেন হরপ্রীত ব্রার।
এই ওভারেই কারানের বাউন্সারে তাঁকে আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে রক্ষা পান হেটমায়ার। শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। ১৮তম ওভারে কাগিসো রাবাডার বলে পরপর দুটি ছক্কা হাঁকিয়ে ম্য়াচের নিয়ন্ত্রণ রাজস্থানের হাতে এনে দেন রিয়ান পরাগ। হেটমায়ারের সঙ্গে তিনিও খেলতে থাকেন ঝোড়ো ইনিংস।

১৮তম ওভারের শেষ বলে রিয়ান পরাগ (১২ বলে ২০)-কে প্যাভিলিয়নে ফেরান রাবাডা। এই ওভারে ১৪ রান ওঠায় শেষ ১২ বলে রাজস্থানের প্রয়োজন দাঁড়ায় ১৯ রান। ১৯তম ওভারে বল করতে যান স্যাম কারান। এই ওভারে দুটি বাউন্ডারি মারলেও পঞ্চম বলে শিখর ধাওয়ানের দুরন্ত ক্যাচ ফেরায় হেটমায়ারকে। চারটি চার ও তিনটি ছয় মেরে তিনি করেন ২৮ বলে ৪৬।
হেটমায়ার যখন আউট হন তখন রাজস্থানের দরকার ছিল ৭ বলে ৯ রান। শেষ ওভারে আট রানের পুঁজি নিয়ে বল করতে যান রাহুল চাহার। ২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। ছক্কা হাঁকিয়ে তিনি ম্যাচ জেতান। ২ বলে ১ রানে অপরাজিত থাকেন ট্রেন্ট বোল্ট।
কাগিসো রাবাডা ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন। স্যাম কারান, অর্শদীপ সিং, নাথান এলিস ও রাহুল চাহার একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে, টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান রয়্যালস। স্যাম কারানের ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ শর্মার ২৮ বলে ৪৪ ও শাহরুখ খানের ২৩ বলে অপরাজিত ৪১ রানের সৌজন্যে কিংস তোলে ৫ উইকেটে ১৮৭। নভদীপ সাইনি ৪০ রানে তিনটি এবং ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।

রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এলো পাঁচ নম্বরে। নেট রান রেট হলো ০.১৪৮। আরসিবি রয়েছে চারে, নেট রান রেট ০.১৮০। আরসিবি শেষ ম্য়াচে ৬ বা তার বেশি রানে হারলেই রাজস্থান নেট রান রেটে এগিয়ে যাবে। মুম্বই ইন্ডিয়ান্স (১৪ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রান রেট -০.১২৮)। শেষ ম্যাচ হারলে ছিটকে যাবে।
কেকেআরকে অপেক্ষা করতে হবে মিরাকলের। নাইটদের নেট রান রেট -০.২৫৬। সেখান থেকে রাজস্থান বা আরসিবির নেট রান রেটের ধারেকাছে পৌঁছনো অসম্ভবই বলা চলে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications