IPL 2023: বিরাট কোহলির দুরন্ত শতরান, অনবদ্য ফাফ! সানরাইজার্সকে হারিয়ে লিগ জমাল আরসিবি
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত শতরান হাঁকালেন বিরাট কোহলি। যোগ্য সঙ্গত দিয়ে দায়িত্বশীল অর্ধশতরান অধিনায়ক ফাফ দু প্লেসির। হায়দরাবাদের উপ্পলে আরসিবি এদিন জিতল ৮ উইকেটে।
জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করলেন দুই ওপেনার বিরাট ও ফাফ। ওপেনিং জুটিতেই ওঠে ১৭২ রান। শেষে ৪ বল বাকি থাকতে স্মরণীয় জয় ছিনিয়ে নিল আরসিবি। পয়েন্ট তালিকার একেবারে নীচেই রইল সানরাইজার্স।

বিরাট ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬৩ বলে ১০০ রান করেন। ফাফ ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। তিনি সাতটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৭১ রানের ইনিংস খেললেন। ফাফ চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৭০০ রান করে ফেললেন। ১৩ ইনিংসে তাঁর রান ৭০২, এদিন অষ্টম অর্ধশতরানটি পেলেন।

বিরাট কোহলি আইপিএলে সর্বাধিক শতরানের ক্রিস গেইলের রেকর্ডে থাবা বসালেন। দুজনেরই আইপিএলে শতরানের সংখ্যা হলো ছয়। বিরাট ১৩ ইনিংসে ৫৩৮ রান করে চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এলেন চার নম্বরে। একটি শতরানের পাশাপাশি ৬টি অর্ধশতরান রয়েছে কোহলির।

১৭৭ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল ১৮.২ ওভারে। আরসিবির জয় এলো ১৯.২ ওভারে। গ্লেন ম্যাক্সওয়েল ৩ বলে ৫ ও মাইকেল ব্রেসওয়েল ৪ বলে ৪ রানে অপরাজিত রইলেন। একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার ও টি নটরাজনের। এই জয়ে মুম্বইয়ের মতো ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট হলো আরসিবির। মুম্বইকে পাঁচে নামিয়ে আরসিবি এখন চারে।

নেট রান রেটের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট মাইনাস (-) ০.১২৮। আরসিবির ০.১৮০। মুম্বইয়ের শেষ ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে। আরসিবি খেলবে গুজরাতের বিরুদ্ধে। দুই দল নিজেদের শেষ ম্যাচ জিতলেও মুম্বইকে চাপে রাখবে নেট রান রেট।

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল আরসিবি। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ৫১ বলে ১০৪ রান করেন হেইনরিখ ক্লাসেন। ১৯ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন হ্যারি ব্রুক। মাইকেল ব্রেসওয়েল ২টি এবং মহম্মদ সিরাজ, শাহবাজ আহমেদ ও হর্ষল প্যাটেল একটি করে উইকেট নেন।
ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি। ফাফ দু প্লেসির সঙ্গে ওপেনিং পার্টনারশিপ তিনি দারুণভাবে উপভোগ করছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications