IPL 2022: আইপিএলে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব, জিতলেই আরসিবিকে সরিয়ে প্রথম চারে
আইপিএলের ম্য়াচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি পাঞ্জাব কিংসের। প্রথম সাক্ষাতে পাঞ্জাবকে ১১৫ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আজ যারা জিতবে তারা আরসিবিকে সরিয়ে চতুর্থ স্থান দখল করবে। প্লে অফে পৌঁছানোর সম্ভাবনাও বাড়বে। হারলে চলে যাবে খাদের কিনারায়। টস জিতে ফিল্ডিং নিয়েছে পাঞ্জাব কিংস।
|
টস জিতে ফিল্ডিং
পাঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল বলেন, আগে যখন আমরা এখানে খেলেছি তখন শিশির পড়েছিল। সে কথা মাথায় রেখেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত। এই ম্যাচটির উপর নির্ভর করছে প্লে অফের সমীকরণ। কিন্তু সে নিয়ে মাথা না ঘামিয়ে ময়াঙ্ক ম্যাচটিকে বাকি অন্য ম্যাচের মতো করেই দেখছেন। দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ বলেন, টসের ক্ষেত্রে তো আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তবে টস জিতলে আমিও বোলিংই করতাম।

পারস্পরিক দ্বৈরথে
দিল্লি ও পাঞ্জাব আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ২৯ বার। পাঞ্জাবের জয় ১৫টিতে, দিল্লির ১৪টিতে। শেষ পাঁচটি সাক্ষাতে চার-এক ব্যবধানে যদিও এগিয়ে দিল্লিই। আবার ২০১৮ সালের পর থেকে ৯টি ম্যাচের পাঁচটিতে জিতেছে পাঞ্জাব। এই স্টেডিয়ামে ১৮টি ম্যাচে মধ্যে ১০টিতে রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। আটটি ম্যাচে যারা প্রথমে ব্যাট করে জিতেছে তাদের মধ্যে সাতটি ক্ষেত্রে জয় এসেছে ১৬৫ রানের বেশি তুলে।
|
পিচ নিয়ে
টসের আগে পিচ রিপোর্ট দিতে গিয়ে গ্রেম স্মিথ বলেছেন, পিচের একদিকের বাউন্ডারি ছোট, ৬৬ মিটারের। এটা রানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। উইকেটে ঘাস রয়েছে, বিকেলের ম্যাচগুলিতে ভালো পেস ও বাউন্স আদায় করেছেন বোলাররা। তবে পিচ শুষ্কও, লাল মাটি দেখা যাচ্ছে। ফলে স্পিনাররাও ফায়দা আদায় করতে পারেন। ফলে লক্ষ্য তাড়া করাই পছন্দ করবে টস জয়ী দল। টসের পর দেখা গেল তাই হয়েছে।
|
দিল্লিতে পরিবর্তন
পাঞ্জাব কিংস দল অপরিবর্তিত। দিল্লি ক্যাপিটালসে দুটি পরিবর্তন। চেতন সাকারিয়ার জায়গায় ফিরেছেন খলিল আহমেদ। চোট সারিয়ে তিনি দলে ফিরলেন। শ্রীকার ভরতের জায়গায় দলে এসেছেন সরফরাজ খান।
দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, খলিল আহমেদ
পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান,জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোন, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং












Click it and Unblock the Notifications