মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টার্গেট ১৩৮, দীপ্তির ৩ উইকেট, অসুস্থ রিচা
মহিলাদের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও দাপট দেখাল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। সিলেটে আজ পাকিস্তান অধিনায়ক বিসমা মাহরুফ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের প্রমীলা বাহিনী তুলেছে ৬ উইকেটে ১৩৭ রান। ভারতের সফলতম বোলার দীপ্তি শর্মা, তিনি তিনটি উইকেট দখল করেন।

পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যে ৩ উইকেট হারায় পাকিস্তান। ৪.৩ ওভারে দলের ২৬ রানের মাথায় সিদরা আমিন (১৪ বলে ১১)-কে আউট করেন পূজা বস্ত্রকার। ক্যাচ ধরেন উইকেটকিপার রিচা ঘোষ। এরপর ষষ্ঠ ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে ৩৩ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ওপেনার মুনিবা আলি দীপ্তি শর্মার বলে স্টাম্প আউট হন ১৭ বলে ১৭ রান করে। এরপর ২ বলে ০ রানে ফেরেন ওমাইমা সোহেল, তিনি লেগ বিফোর হন।
এরপর পাকিস্তানের ইনিংসকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক বিসমা মাহরুফ ও নিদা দার। ৩৫ বলে ৩২ রান করে বিসমা আউট হন রেণুকা সিংয়ের বলে। পাকিস্তানের তখন স্কোর দাঁড়ায় ১৫.৪ ওভারে ১০৯। ১৭.৩ ওভারে আলিয়া রিয়াজ (৭ বলে ৭)-কে প্যাভিলিয়নে ফেরান বস্ত্রকার। আয়েষা নাসিম ৭ বলে ৯ রান করে দীপ্তি শর্মার তৃতীয় শিকার হন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন নিদা দার।
দীপ্তি শর্মা ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। ৪ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট পেয়েছেন পূজা বস্ত্রকার। রেণুকা সিং ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। চলতি এশিয়া কাপে ভারত এখনও পর্যন্ত তিনটি ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পাকিস্তান ৩টি ম্যাচ খেলে ২টিতে জিতেছে। তাদের পয়েন্ট চার, রয়েছে দ্বিতীয় স্থানে। এদিকে, আজ খেলা চলাকালীন মাঠেই অসুস্থ বোধ করেন রিচা ঘোষ। দ্বাদশ ওভার শুরুর ঠিক আগে। সিলেটে প্রচণ্ড গরম ও অত্যধিক আপেক্ষিক আর্দ্রতা। তাতেই রিচা অসুস্থ হয়ে পড়েন। তাঁর ঘাড়ে কিছুক্ষণ আইসপ্যাক দেওয়া হয়। যদিও এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শেফালি ভার্মা উইকেটকিপিং করেন। রিচা ব্যাট করতে নামবেন কিনা সেটাও স্পষ্ট নয়। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন সাব্বিনেনি মেঘানা ও স্মৃতি মান্ধানা। শেষ পাওয়া খবরে স্কোর ৩ ওভারে বিনা উইকেটে ২৩।












Click it and Unblock the Notifications