মান্ধানার ব্যাটে ঝড়, মহিলাদের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত, হরমনপ্রীতের জোড়া নজির

মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। আয়ারল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস মেথডে হারিয়ে। একাধিক নজির গড়লেন হরমনপ্রীত কৌর।

মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। আয়ারল্যান্ডকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাস্ত করে। ডাকওয়ার্থ-লুইস মেথডে ভারতের জয় ৫ রানে। ইংল্যান্ডের পর বি গ্রুপ থেকে সেমিফাইনালে গেল ভারত। ব্যাটে ঝড় তুললেন স্মৃতি মান্ধানা। জোড়া নজির গড়লেন হরমনপ্রীত কৌর।

হরমনপ্রীতের জোড়া নজির

হরমনপ্রীতের জোড়া নজির

গকেবেরহা (পূর্বতন পোর্ট এলিজাবেথ)-এ আজ ১৫০তম টি ২০ আন্তর্জাতিক খেললেন হরমনপ্রীত কৌর। ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম তিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন। রোহিত শর্মা ১৪৮টি ও বিরাট কোহলি ১১৫টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার এবং বিশ্বের চতুর্থ মহিলা ক্রিকেটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ৩ হাজার রানের মাইলস্টোনও এদিন স্পর্শ করলেন হরমনপ্রীত। বিরাটের টি২০ আন্তর্জাতিকে ৪,০০৮ রান রয়েছে, রোহিতের ৩,৮৫৩। এদিন ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে হরমনপ্রীত তিন হাজার রান টি ২০ আন্তর্জাতিক রান পূর্ণ করলেন।

মান্ধানার ব্যাটে ঝড়

মান্ধানার ব্যাটে ঝড়

আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজ ভারতের ম্যাচটি ছিল মরণ-বাঁচন লড়াই। টস জিতে ব্যাটিং নেন হরমনপ্রীত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৬ উইকেটে ১৫৫ রান। শেফালি ভার্মা ২৯ বলে ২৪ রান করেন। ভারতের হয়ে সর্বাধিক ৮৭ রান করেন স্মৃতি মান্ধানা। ৫৬ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও তিনটি ছয়। হরমনপ্রীত কৌর ১৩ রানে আউট হন। রিচা ঘোষ চারে নেমে প্রথম বলেই আউট হন। জেমাইমা রডরিগেজ ১২ বলে ১৯ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন পূজা বস্ত্রকার।

আইরিশ-বধ

জবাবে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভালোই লড়াই চালাচ্ছিল আয়ারল্যান্ড। প্রথম ওভারেই রেণুকা সিংয়ের জোড়া ধাক্কায় ১ রানে ২ উইকেট হারায় আইরিশরা। ৮.২ ওভারে ২ উইকেটে ৫৪ রান তোলার পর বৃষ্টি নামে। দেখা যায়, ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে প্রয়োজনীয় রানের তুলনায় আইরিশদের ৫ রান কম রয়েছে। বৃষ্টির জেরে আর খেলা শুরু না হওয়ায় ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। হরমনপ্রীতদের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা শেষ পাকিস্তানের। বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ম্যাচের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, স্মৃতি রানে ফিরলেন, সেটা গুরুত্বপূর্ণ। যখনই তিনি ভালো শুরু করেন আমরা ভালো স্কোরে পৌঁছতে পারি। আমিও কিছুটা সময় বেশি ক্রিজে কাটানোর লক্ষ্যে তিনে নেমেছিলাম। সবমিলিয়ে আমাদের জন্য ভালো ম্যাচ। আমরা কঠোর পরিশ্রম করেছি। সুযোগের সদ্ব্যবহার করে সব সময় ভালো খেলাই লক্ষ্য থাকে। সেমিফাইনালে আমরা ১০০ শতাংশ দিতে প্রস্তুত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে আমরা পছন্দ করি। ডু-অর-ডাই ম্যাচে আমরা ভালো ক্রিকেটই উপহার দিতে ফোকাসড থাকব।

ম্যাচের সেরা স্মৃতি

ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা জানান, তাঁর আঙুলের চোট সেরে গিয়েছে। এদিনের ইনিংসকে অন্যতম কঠিন হিসেবেও চিহ্নিত করেছেন। হাওয়াকে কাজে লাগিয়ে যে গতিতে আইরিশ বোলাররা বল করছিলেন তাই পরিস্থিতি কঠিন করে দিয়েছিল। প্রথম দিকে নিজের ব্যাটিং নিয়ে খুশি নন স্মৃতি। শেফালির টাইমিংয়েও সমস্যা হচ্ছিল। হাওয়া, সেই সঙ্গে জোরে বল কীভাবে সামলাতে হবে তা নিয়ে শেফালি ও স্মৃতির মধ্যে কথা হচ্ছিল। সেমিফাইনালে দলের ভালো পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী মান্ধানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+