ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করার লক্ষ্যে নামছে ভারত, দিল্লি টেস্টে দুই দলের একাদশ কেমন হতে পারে?

কাল থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট আড়াই দিনে জেতার পর শুভমান গিলরা রাজধানীতে নামবেন হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই।

পরিসংখ্যান বলছে, ১৯৮৭ সালের পর দিল্লিতে কোনও টেস্ট হারেনি ভারত। শেষবার হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তারপর থেকে জিতেছে ১২টিতে, ড্র হয়েছে ১২টি টেস্ট। যদিও ওয়েস্ট ইন্ডিজ দলের যা শক্তি তাতে ভারত যে জয়ের ধারা অব্যাহত রাখবে তা নিয়ে সংশয় নেই।

আমেদাবাদের পিচে ঘাস ছিল। তবে টিপিক্যাল ইন্ডিয়ান উইকেট বলতে যা বোঝায় তেমন বাইশ গজই অপেক্ষা করছে দ্বিতীয় টেস্টের জন্য। প্রথম দিকে পিচ ব্যাটিং সহায়ক হবে। অন্তত প্রথম ২ দিন তো বটেই। তৃতীয় দিন থেকে সুবিধা পেতে থাকবেন স্পিনাররা। তবে দিল্লিতে তাপমাত্রা বেশি নয়। ফলে উইকেট ভাঙতে কিছুটা সময় লাগবে। বৃষ্টিতে টেস্ট ব্যাহত হবে না বলেই মনে করা হচ্ছে।

ভারতীয় দলে রদবদলের সম্ভাবনা নেই। সামনের মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। ফলে বি সাই সুদর্শনের জায়গায় দেবদত্ত পাড়িক্কলকে দিল্লি টেস্টে দেখে নেওয়ার সুযোগ থাকছে। এই টেস্টেও নীতীশ কুমার রেড্ডিকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন খোদ অধিনায়ক শুভমান গিল।

গিলের কথায়, নীতীশকে শুধু বিদেশে খেলানো ঠিক নয়। তাতে তিনি নিজেকে মেলে ধরার পর্যাপ্ত সুযোগ পাবেন না। সামনের এক বা দেড় বছরে আমরা বিদেশে বেশি টেস্ট খেলব না। আমরা অস্ট্রেলিয়া সফরে নীতীশের দক্ষতা দেখেছি। দিনে ১০-১৫ ওভার বল করতে পারেন। ব্যাটও করতে পারেন। ফলে তাঁকে যত বেশি দেশের মাটিতে ম্যাচ খেলার সুযোগ দেব, ততই তাঁর পক্ষে মঙ্গল।

ভারতের সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা বড় মাইলস্টোনের অপেক্ষায়। আর ১০ রান করলেই তিনি চার হাজার টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় নাম লেখাবেন। টেস্টে ৪ হাজার রান ও ৩০০ উইকেট দখলের কীর্তি রয়েছে ইয়ান বোথাম, কপিল দেব ও ড্যানিয়েল ভেত্তোরির। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে জাদেজার।

ওয়েস্ট ইন্ডিজও সম্ভবত প্রথম একাদশে রদবদলের পথে হাঁটবে না। তবে জোহান লেনের জায়গায় একাদশে আসতে পারেন সিমার জেডিয়া ব্লেডস।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- তেজনারায়ণ চন্দ্রপল, জন ক্যাম্পবেল, অ্যালিক অ্যাথানেজ, ব্র্যান্ডন কিং, শেই হোপ (উইকেটকিপার), রস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, জোহান লেন বা জেডিয়া ব্লেডস, জেডেন সিলস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+