India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেই রাজকোটে যাচ্ছে ভারত, টানা পাঁচ ম্যাচে পরাস্ত অজিরা
India vs Australia: এশিয়া কাপ জেতার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজও জিতে নিল ভারত। দক্ষিণ আফ্রিকায় টানা তিনটি ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর ভারতেও টানা দুটি ম্যাচে পরাস্ত অজিরা।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিকে অপরাজেয় থাকার তকমাও ধরে রাখল ভারত। বিশ্বের ১ নম্বর ওডিআই দল আজ জয় ছিনিয়ে নিল ৯৯ রানে। বুধবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ রাজকোটে।

অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৪০০ রানের টার্গেট রেখেছিল ভারত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটি উইকেট তুলে নিয়ে প্রাথমিক ধাক্কা দেন প্রসিদ্ধ কৃষ্ণ। জসপ্রীত বুমরাহর জায়গায় এদিন খেলানো হয় তাঁকে। ৯ রানে দুটি উইকেট হারানোর পর আশি রানের পার্টনারশিপ গড়েন ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন।
নবম ওভারের পর বৃষ্টি নামায় খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। তখন অজিদের স্কোর ছিল ২ উইকেটে ৫৬। এরপর ডিএলএস নিয়মে অজিদের টার্গেট দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭। ১২.৫ ওভারে ৮৯ রানে পড়েছিল তৃতীয় উইকেট। সেখান থেকে স্কোর ২০.৪ ওভারে গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ১৪০। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাই অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দেন।

ত্রয়োদশ ওভারের প্রথম ও তৃতীয় বলে রবিচন্দ্রন অশ্বিনকে সামলাতে ডান হাতে ব্যাটিং করেন ডেভিড ওয়ার্নার। প্রথম বলে ১ রান নেন, তৃতীয় বলে চার মারেন। যদিও পঞ্চদশ ওভারে ফের ডান হাতে ব্যাটিং করে রিভার্স স্যুইপ মারতে গিয়ে লেগ বিফোর হন ওয়ার্নার। তিনি ৩৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৫৩ রান করে আউট হন।
অপর ওপেনার ম্যাথু শর্ট ৮ বলে ৯ রান করে আউট হন। স্টিভ স্মিথ ফেরেন গোল্ডেন ডাক সঙ্গী করে। ওয়ার্নারের পাশাপাশি লাবুশেন (৩১ বলে ২৭), জশ ইনগ্লিস (৯ বলে ৬) অশ্বিনের শিকার। অ্যালেক্স ক্যারি (১২ বলে ১৪) ও অ্যাডাম জাম্পা (৫ বলে ৫)-কে ফেরান রবীন্দ্র জাদেজা। ১৩ বলে ১৯ রান করে রান আউট হয়ে যান ক্যামেরন গ্রিন।
নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে শেষে ঝোড়ো ব্যাটিং করে হারের ব্যবধান কমানোর চেষ্টা চালাতে থাকেন শন অ্যাবট ও জশ হ্যাজলউড। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন অ্যাবট। নবম উইকেট জুটিতে অ্যাবট ও হ্যাজলউড যোগ করেন ৪৪ বলে ৭৭। যা অজি ইনিংসের দ্বিতীয় সর্বাধিক পার্টনারশিপ। এই জুটি ভাঙেন মহম্মদ শামি। হ্যাজলউড ১৬ বলে ২৩ রানে বোল্ড হন।

চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করে অ্যাবট বোল্ড হন জাদেজার বলে। তাতেই অস্ট্রেলিয়ার ইনিংসে যবনিকা পতন হয়। ২৮.২ ওভারে অস্ট্রেলিয়া অল আউট ২১৭ রানে। অশ্বিন ৭ ওভারে ৪১ ও জাদেজা ৫.২ ওভারে ৪২ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। প্রসিদ্ধ ৬ ওভারে ৫৬ রান দিয়ে ২টি ও মহম্মদ শামি ৬ ওভারে ৩৯ রান খরচ করে ১ উইকেট নেন।
এর আগে, টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। শুভমান গিল ১০৪, শ্রেয়স আইয়ার ১০৫, লোকেশ রাহুল ৫২, ঈশান কিষাণ ৩১ ও ঋতুরাজ গায়কোয়াড় ৮ রান করেন। সূর্যকুমার যাদব ৭২ রানে অপরাজিত থাকার পথে ক্যামেরন গ্রিনের পরপর চারটি বলে চারটি ছয় হাঁকান। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১৩ রানে। ক্যামেরন গ্রিন ২টি এবং জশ হ্যাজলউড, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications