IND vs NZ: সরফরাজ ও কোহলির কথা শুনে লাভবান রোহিত, তবে নিউজিল্যান্ডকে ধাক্কা দেওয়ার পরই করলেন ভুল
IND vs NZ: পুণে টেস্টে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ভারতকে চাপে ফেলার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে। কিউয়িদের যে তিনটি উইকেট পড়েছে, সবগুলিই তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারত প্রথম সেশনে দুটি উইকেট তুলেছে। তার একটি ডিসিশন রিভিউ সিস্টেমের সাহায্য নিয়ে। আবার একটি ক্ষেত্রে রিভিউ নষ্টও করেছে রোহিত শর্মার দল। যার জেরে পরপর দুটি বলে দুই নাটকীয় পরিস্থিতি।

প্রথম ঘটনাটি ম্যাচের ২৪তম ওভারের শেষ বলে। উইল ইয়ংয়ের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার আউট দেননি। রবিচন্দ্রন অশ্বিনও পুরোপুরি নিশ্চিত ছিলেন তা নয়। তবে সরফরাজ খান নিশ্চিত ছিলেন যে ক্যাচই হয়েছে।
সরফরাজ প্রথমে অশ্বিনের দিকে তাকিয়ে ক্যাচের আবেদন করেন। পর মুহূর্তেই তিনি ঋষভ পন্থকে ইঙ্গিত করে বুঝিয়ে দেন ইয়ং আউটই হয়েছেন। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেওয়ার কাউন্টডাউন শুরু হয়ে যায়। সে সময় অধিনায়ক রোহিত শর্মার কাছে গিয়ে সরফরাজ বারবার বলতে থাকেন রিভিউ নিতে।
সরফরাজ এই সময় পাশে পেয়ে যান বিরাট কোহলিকেই। কেন না, সরফরাজ যেখানে ফিল্ডিং করছিলেন সেখান থেকেই সবচেয়ে ভালো দেখা যায় বল ব্যাটে বা গ্লাভসে লেগেছে কিনা। সরফরাজ ও কোহলির পরামর্শ মেনে রোহিত রিভিউ নেন আর তাতেই নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট পড়ে।
তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখেন। দেখা যায়, বল গ্লাভসের খুব কাছে ছিল। এরপর স্নিকোমিটারের স্পাইক স্পষ্ট করে দেয়, বল উইকেটকিপারের হাতে জমা পড়ার আগে ইয়ংয়ের গ্লাভসে লেগেছিল। ফলে এই রিভিউ নিয়ে বিরাট লাভবান হয় ভারত।
Khan heard it 😉
— JioCinema (@JioCinema) October 24, 2024
Sarfaraz Khan convinces his skipper to make the right call 👌
Watch the 2nd #INDvNZ Test LIVE on #JioCinema, #Sports18 and #ColorsCineplex 👈#IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/Ioag6jQF7B
যদিও এর ঠিক পরের বলেই ভারত রিভিউ নষ্ট করে। আগেও রবীন্দ্র জাদেজার বলে রোহিত রিভিউ নিয়ে তা নষ্ট করেছেন। এ ক্ষেত্রেও সেই জাদেজার ওভারেই রিভিউ নষ্ট হয়। ২৫তম ওভারের প্রথম বলে ডেভন কনওয়ের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করে ভারত। আম্পায়ার আউট দেননি।
রোহিত শর্মা রিভিউ নেন। দেখা যায়, বল উইকেটেই লাগছে না। ফলে এই রিভিউটি নষ্ট হয়। প্রথম ক্ষেত্রে আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ, দ্বিতীয়টির ক্ষেত্রে পল রাইফেল। সরফরাজ ও কোহলি যেভাবে প্রথমটিতে অধিনায়ককে রিভিউ নিতে ভরসা দিয়েছিলেন তার প্রশংসা করেন ধারাভাষ্যকাররাও।
এদিকে, ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগেই তা ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় সেশনে ভারত এখনও অবধি একটি উইকেটই পেয়েছে। ৪৪তম ওভারের দ্বিতীয় বলে কনওয়ে অশ্বিনের বলে কট বিহাইন্ড হন। ১১টি চারের সাহায্যে ১৪১ বলে ৭৬ রান করেন কিউয়ি ওপেনার। ১৩৮ রানে পড়ে তৃতীয় উইকেট।












Click it and Unblock the Notifications