IND vs NZ: পুণে টেস্টে ভারতকে চাপে রাখল নিউজিল্য়ান্ড, রোহিতের ফিল্ডিং সাজানোই সুবিধা করল কনওয়েদের
IND vs NZ: পুণে টেস্টে প্রথম সেশন থেকেই ভারতকে চাপে রাখল নিউজিল্যান্ড। ঘূর্ণি পিচে গুরুত্বপূর্ণ টস জিতে ব্যাটিং নিয়েছেন কিউয়ি অধিনায়ক টম লাথাম।
মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ৩১ ওভারে ২ উইকেটে ৯২। রোহিত শর্মা আক্রমণাত্মক ফিল্ডিং না সাজানোয় ঝুঁকি না নিয়ে বড় রানের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড।

যে ৩১ ওভার খেলা হয়েছে তার মধ্যে দুই পেসার মিলে করেছেন মোট ৭ ওভার। জসপ্রীত বুমরাহ ২টি মেডেন-সহ ৪ ওভারে ১০ রান দিয়েছেন। মহম্মদ সিরাজের জায়গায় সুযোগ পাওয়া আকাশ দীপ ৩ ওভারে ২০ রান খরচ করেছেন। অষ্টম ওভার থেকেই স্পিনারদের আক্রমণে আনেন রোহিত শর্মা।
নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই নিউজিল্যান্ড ইনিংসে আঘাত হেনেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম ২টি চারের সাহায্যে ২২ বলে ১৫ রান করে লেগ বিফোর হন। ৩২ রানে পড়ে প্রথম উইকেট। ২৪ ওভারে ৭৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে কিউয়িদের।
তিনে নামা উইল ইয়ং ৪৫ বলে ১৮ রান করে কট বিহাইন্ড হন। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়েছিল ভারত। যদিও এর পরের বলেই ভারতের একটি রিভিউ নষ্ট হয়। রবীন্দ্র জাদেজার বলে ডেভন কনওয়ের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার পল রাইফেল। ভারত রিভিউ নেয়। কিন্তু দেখা যায় বল উইকেটেই লাগছে না।
ডেভন কনওয়ে ১০৮ বলে ৪৭ রানে ক্রিজে আছেন। তিনি পাঁচটি চার মেরেছেন। ১৩ বলে ৫ রানে ব্যাট করছেন বেঙ্গালুরু টেস্টে শতরানকারী রাচিন রবীন্দ্র। অশ্বিন ১২ ওভার হাত ঘুরিয়ে ৩৩ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন। কুলদীপ যাদবের জায়গায় খেলছেন ওয়াশিংটন সুন্দর। তিনিও ভালোই বল করছেন।
নিউজিল্যান্ডের বাঁহাতিদের কথা ভেবে সুন্দরকে খেলাচ্ছে ভারত। তিনটি মেডেন-সহ ৭ ওভারে তিনি ১১ রান দিয়েছেন, উইকেট পাননি। নিউজিল্যান্ডের ব্যাটারদের সবচেয়ে বেশি সমস্যায় ফেলছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৫ ওভারে ১৩ রান দিয়েছেন। অনিল কুম্বলে মনে করছেন, লাঞ্চের পর হয়তো আকাশ দীপের স্পেল দেখা যাবে। রিভার্স স্যুইং করাতে বুমরাহকেও বল দিতে পারেন রোহিত। তবে ভরসা করতে হবে স্পিনারদের উপরেই।
ভারত এই টেস্টে দলে তিনটি পরিবর্তন এনেছে। লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবের জায়গায় খেলছেন শুভমান গিল, আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ড ম্যাট হেনরির জায়গায় খেলাচ্ছে মিচেল স্যান্টনারকে।












Click it and Unblock the Notifications