IND vs ENG: রাজকোটে বিশ্রাম বুমরাহকে? বিরাটকে নিয়ে ধোঁয়াশা কাটেনি, ইংল্যান্ড ভারত ছেড়ে কোথায় যাচ্ছে?
IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ আপাতত ১-১। চার দিনেই শেষ হয়ে গিয়েছে বিশাখাপত্তনম টেস্ট। রাজকোটে পরের টেস্ট শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ভারতীয় ক্রিকেটাররা আপাতত বাড়ি ফিরছেন।
দ্বিতীয় টেস্ট হেরে ভারত ছাড়ছে বেন স্টোকসের ইংল্যান্ড। কারণটা বেশ চমকপ্রদ। এরই মধ্যে চর্চা তুঙ্গে ভারতের দল নির্বাচন নিয়ে।

আজ বিশাখাপত্তনম টেস্টে খেলা শেষের পরেই দেখা গিয়েছে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর। বাকি তিনটি টেস্টের দল ঘোষণা কবে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে চলতি সপ্তাহেই তা হতে পারে।
জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। দুই টেস্টে তিনি ১৫টি উইকেট নিয়েছেন। কিন্তু ঠাসা ক্রীড়াসূচির কথা ভেবে বুমরাহকে রাজকোট টেস্টে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের পাশাপাশি নির্বাচকদেরও। সেক্ষেত্রে একাদশে ফিরবেন মহম্মদ সিরাজ।
উইকেটকিপার কেএস ভরতের জায়গায় ধ্রুব জুরেলকে দেখে নেওয়া হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে দ্রাবিড়ের কথায় ভরতকে আরও কিছুটা সময় দেওয়ার ইঙ্গিত মিলেছে। তৃতীয় টেস্টে রবীন্দ্র জাদেজার ফিট হয়ে নামার সম্ভাবনা কার্যত নেই। তবে লোকেশ রাহুল দলে ফিরতে পারেন।
বিরাট কোহলি চলতি সিরিজে আদৌ খেলবেন কিনা তা নিয়েই জল্পনা অব্যাহত। জানা যাচ্ছে, স্ত্রী অনুষ্কা সন্তানসম্ভবা, বিরাট পরিবার নিয়ে এই মুহূর্তে দেশের বাইরে। তবে তাঁর সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। দ্রাবিড় আজ সাংবাদিকদের বলেন, বিরাটের বিষয়ে কিছু জানতে হলে নির্বাচকদের প্রশ্ন করতে। কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা হবে। বিরাটের সঙ্গে কথা বলেই।
এরই মধ্যে ইংল্যান্ড ক্রিকেট দল রাজকোট টেস্টের আগেই ভারত ছাড়ছে। এই দেশে টেস্ট সিরিজ খেলতে আসার আগে ইংল্যান্ডের প্রস্তুতি শিবিরটি হয়েছিল আবু ধাবিতে। সেখানেই ফের শিবির আয়োজন করা হচ্ছে। আবু ধাবিতে নানারকমের উইকেটেই ভারতীয় চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতি নেবেন বেন স্টোকসরা। আসবেন রাজকোট শুরুর কয়েক দিন আগেই।












Click it and Unblock the Notifications