IND vs AUS 3rd T20I: দেশে ফিরছেন ম্যাক্সওয়েলরা, সিরিজের মাঝপথেই ছয় বিশ্বকাপজয়ীকে ছুটি দিয়ে দিল অস্ট্রেলিয়া
গুয়াহাটিতে আজ তৃতীয় টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। আজকের ম্যাচে ভারতের কাছে যেমন সিরিজ জয়ের হাতছানি, তেমনই অজিদের কাছে ডু ওর ডাই। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজের মাঝেই বড় সিদ্ধান্ত নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপজয়ী ছয় ক্রিকেটারকে ছুটি দিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। প্যাট কামিন্স-ওয়ার্নারদের মতো বর্ষীয়ান ক্রিকেটাররা এই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আগেই।
ভরাতের বিরুদ্ধে টি২০ সিরিজ চলাকালীনই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দলে বড় সড় রদবদল করা হয়েছে। এই সিরিজ থেকে ছুটি দেওয়া হচ্ছে ছয়জন বিশ্বকাপজয়ী তারকাকে। এদের মধ্যে রয়েছেন স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জশ ইনগ্লিস, শন অ্যাবট। শোনা যাচ্ছে ইতিমধ্যেই জাম্পা এবং স্মিথ দেশে ফিরে গিয়েছেন। বাকি চারজন বুধবারই দেশে ফেরার বিমান ধরবেন।

ইতিমধ্যেই দুই ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় টি২০ ম্যাচের আগে গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন জোশ ফিলিপে এবং বিগ হিটার ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। তাঁরা তৃতীয় ম্যাচে প্রথম একাদশে খেলার জন্যও প্রস্তুত। এমনটাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও স্পিনার ক্রিস গ্রিন রায়পুরে চতুর্থ ম্যাচের আগে অজি স্কোয়াডে যোগ দেবেন।
ভারত তৃতীয় ম্যাচের জন্য তাঁদের প্রথম একাদশ অপরিবর্তিত রাখলেও অস্ট্রেলিয়া দলে বেশ কিছু পরিবর্তন হতে পারে।দ্বিতীয় ম্যাচে জেসন বেহরেনডর্ফকে খেলানো হয়নি। টি ২০ বিশ্বকাপের কথা ভেবে অ্যাডাম জাম্পা ও তনভীর সাঙ্ঘাকে খেলিয়েছে অজিরা। এই দুই স্পিনারকে কাল খেলানো হলে শন অ্যাবটের জায়গায় বেহরেনডর্ফকে দেখা যেতে পারে। হেডের খেলা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় মেন ইন ব্লুকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের ক্ষত এখনও টাটকা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের টি২০ ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে। আজ সিরিজ জিতে বাকি দুটি ম্যাচে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নিতে পারে।












Click it and Unblock the Notifications