ICC CWC 2023: বিশ্বকাপের ম্যাচে তিক্ততা, বাংলাদেশের সঙ্গে করমর্দন এড়াল শ্রীলঙ্কা, শাকিবকে খোঁচা অ্যাঞ্জেলোর
ICC CWC 2023: বিশ্বকাপের আসর সাক্ষী থাকল চরম তিক্ততার। বাংলাদেশের কাছে ৩ উইকেট হেরে বিদায় নিল শ্রীলঙ্কা। ম্যাচের মেজাজ এতটাই চড়া ছিল খেলার শেষে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন না শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
অ্যাঞ্জেলো ম্যাথিউজের আউটকে কেন্দ্র করেই তিক্ততার সূত্রপাত। যার রেশ পড়ল ম্যাচের বাকি সময়েও।

ম্যাথিউজ ব্যাট করতে নামার পর দেখেন তাঁর হেলমেটের স্ট্র্যাপ ভাঙা। তিনি হেলমেট বদলানোর সিদ্ধান্ত নেন। এরই মধ্যে সাদিরা সমরবিক্রমা আউট হওয়ার পর তাঁর মাঠে নেমে প্রথম বল খেলার যে সময়সীমা ছিল তা পেরিয়ে যায়। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন।
আম্পায়াররা ম্যাথিউজকে আউট দেন। এ পর্যন্ত যা হয়েছে তা নিয়ম মেনেই। তবে এই আউটের ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয় ক্রিকেটীয় স্পিরিট নিয়ে। ম্যাথিউজ অসুবিধার কথা আম্পায়ারদের জানান। কথা বলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের সঙ্গে। কিন্তু শাকিব পাত্তাই দেননি। অবশেষে একটিও বল না খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় ম্যাথিউজকে।
এই ঘটনাটিকে মোটেই ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশ ইনিংসের মধ্যেই আম্পায়ারদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে থাকেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। লিটন দাস তৃতীয় ওভারে পুল মারতে গিয়ে কাফ মাসলে চোট পান। ফিজিওকে আসতে হয় মাঠে। ফের কয়েক ওভার পরেই লিটন যন্ত্রণাকাতর হয়ে মাঠে শুয়ে পড়েন।
ফের লিটনের ডাকে ফিজিও মাঠে আসায় বেশ কিছু সময় নষ্ট হয়। এতেই বিরক্তি প্রকাশ করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আম্পায়ার মারাইস এরাসমাসের সঙ্গে উত্তপ্তভাবেই কথা বলতে দেখা গিয়েছে কয়েকজনকে। ম্যাথিউজ কথা বলেন লিটনের সঙ্গে। এরপর লিটন ফের ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নেন।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সাদিরা সমরবিক্রমা। আম্পায়ার গিয়ে পরিস্থিতি সামাল দেন। শান্ত ও শাকিবকে আউট করে তাঁদের শতরানে পৌঁছতে দেননি ম্যাথিউজ। বিশেষ করে শাকিবকে আউট করার পর হাতঘড়ির জায়গায় ইঙ্গিত করেন ম্যাথিউজ, মুখে হাসি নিয়ে। তাঁর টাইমড আউটের জবাব এভাবেই নিলেন ম্যাথিউজ। ভাইরাল হয় তাঁর সেলিব্রেশন।
ম্যাচের শেষে দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আক্রমণের টার্গেট বাংলাদেশ। সেই ক্রিকেটীয় স্পিরিটের কারণেই।












Click it and Unblock the Notifications