ICC CWC 2023: বিশ্বকাপ আর ৫০ দিন দূরে, ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি কবে থেকে?
ICC CWC 2023: ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। ফলে ক্রিকেটের মহাসংগ্রাম আর মাত্র ৫০ দিন দূরে। তাজমহলের সামনে রাখা বিশ্বকাপের ছবি পোস্ট করে আজ এ কথা মনে করিয়ে দিয়েছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা গতকালই টিকিট বিক্রি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। কবে থেকে কোন ম্যাচের টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা, তা আইসিসি জানিয়ে দিয়েছে।

ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। অক্টোবরের ১৪ তারিখ ভারত-পাকিস্তান দ্বৈরথ। যদিও একইদিনে ভারতের সব ম্যাচের টিকিট কাটতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। ধাপে ধাপে চলবে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া। টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২৫ অগাস্ট থেকে।
টিকিট বিক্রি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে একটি লিঙ্ক (https://cricketworldcup.com/register) দিয়েছে আইসিসি। এতে ক্রিকেটপ্রেমীরা নাম, মোবাইল নম্বর ও ই-মেল আইডি নিয়ে নিজেদের নাম নথিবদ্ধ করতে পারেন। আইসিসির তরফে তাঁরা সঠিক সময়ে পাবেন যাবতীয় তথ্য।

২৫ অগাস্ট থেকে টিকিট বিক্রি শুরু হলেও সেদিন ভারতের কোনও ম্যাচের টিকিট বিক্রি হবে না। এদিন ভারত ছাড়া অন্য দলগুলির প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপের ম্যাচের (যাতে কোনওটিতে ভারত খেলবে না) টিকিট বিক্রি শুরু হবে। গুয়াহাটি ও ত্রিবান্দ্রমে ভারতের প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলির টিকিট পাওয়া যাবে ৩০ অগাস্ট থেকে।
দিল্লি, চেন্নাই ও পুনেতে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হবে ৩১ অগাস্ট। ধরমশালা, লখনউ ও মুম্বইয়ে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের যে ম্যাচগুলি রয়েছে তার টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ রয়েছে, সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর।
দুটি সেমিফাইনাল ও ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।












Click it and Unblock the Notifications