ICC World Cup 2023: ভারত ফেভারিট পাঁচে পাঁচ করার লক্ষ্যপূরণে! ধরমশালার দ্বৈরথে কেন চাপে নিউজিল্যান্ড?
ICC World Cup 2023: রবিবার বিশ্বকাপের ম্য়াচে ধরমশালায় ভারতের সামনে নিউজিল্যান্ড। এই মুহূর্তে পয়েন্ট তালিকার প্রথমে থাকা দুই দল। দুই দলই জিতেছে চারটি করে ম্যাচ। কিউয়িরা এগিয়ে নেট রান রেটে।
এইচপিসিএ স্টেডিয়াম সংস্কারের পর এই প্রথম এখানে কোনও একদিনের আন্তর্জাতিক খেলবে ভারত। শেষবার এখানে ভারত ওডিআই খেলেছে ২০১৭ সালে।

ধরমশালায় ভারত চারটি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে দুটি, হেরেছে দুটিতে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ইংল্যান্ডের কাছে ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাস্ত হয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজের শেষ ম্যাচে হারলেও ভারত সিরিজ জিতেছিল ৩-২ ব্যবধানে। পরের বছর অক্টোবরে এখানে প্রথম ওডিআই জেতে ভারত।
২০১৪ সালের ১৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজকে ধোনির ভারত হারিয়েছিল ৫৯ রানে। সেই ম্যাচে বিরাট কোহলি ১১৪ বলে ১২৭ রান করেছিলেন। ভারত ৬ উইকেটে ৩৩০ রান তুলেছিল। বল হাতে দুটি করে উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি ১ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান দেন।

২০১৬ সালের ১৬ অক্টোবর ধরমশালায় সিরিজের প্রথম ওডিআইয়ে ভারত ৬ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ১০১ বল বাকি থাকতে। কিউয়িরা ১৯০ রানে গুটিয়ে গিয়েছিল। টম লাথাম ৭৯ ও টিম সাউদি ৫৫ রান করেছিলেন। হার্দিক পাণ্ডিয়া ও অমিত মিশ্র তিনটি করে এবং উমেশ যাদব ও কেদার যাদব ২টি করে উইকেট নেন। বিরাট কোহলি ৮৫ রানে অপরাজিত ছিলেন।
২০১৭ সালের ১০ ডিসেম্বর ভারত এখানে শেষবার ওডিআই খেলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্য়াচে ৩৮.২ ওভারে ১১২ রানে গুটিয়ে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। মহেন্দ্র সিং ধোনি একাই করেছিলেন ৬৫। সুরঙ্গা লাকমল ১৩ রানে চার উইকেট নেন। শ্রীলঙ্কা ২০.৪ ওভারে ৩ উইকেট খুইয়েই লক্ষ্যপূরণ সেরে ফেলে।
চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ হয়েছে ধরমশালায়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় বাংলাদেশষ এরপর ইংল্যান্ড ১৩৭ রানে পরাস্ত করে বাংলাদেশকে। ডেভিড মালানের ১৪০ রানের সুবাদে ৯ উইকেটে ৩৬৪ তোলে ইংল্যান্ড। রিস টপলি চার উইকেট নিয়ে দলকে জেতান। এ ছাড়া এখানেই দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে চমক দিয়েছে নেদারল্যান্ডস।
ভারত ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাচ্ছে না হার্দিক পাণ্ডিয়াকে। প্রথম একাদশে কে আসবেন তা নিয়ে জল্পনা চলছে। হার্দিকের জায়গায় সূর্যকুমার যাদব এবং শার্দুল ঠাকুরের পরিবর্তে মহম্মদ শামিকে খেলানো হতে পারে।












Click it and Unblock the Notifications