ICC World Cup 2023: বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ইডেনে, সেমিফাইনাল-সহ কবে কোন খেলা কলকাতায়?
ICC World Cup 2023 Schedule: ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ক্রীড়াসূচি প্রকাশ করল আইসিসি। বিশ্বকাপ শুরুর ঠিক ১০০ দিন আগে। অক্টোবরের ৫ তারিখ আমেদাবাদে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল সেখানেই ১৯ নভেম্বর।
এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ আয়োজন করছে ভারত। ইডেন গার্ডেন্স পেল সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ।

১৯৯৬ সালের পর বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ পায়নি ক্রিকেটের নন্দনকানন। ১৯৯৬ সালে ইডেনে মহম্মদ আজহারউদ্দিনের ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল অর্জুন রণতুঙ্গার শ্রীলঙ্কা, চ্যাম্পিয়নও হয় তারাই। ২০১১ সালের বিশ্বকাপে অবশ্য ইডেনকে সেমিফাইনাল দেওয়া হয়নি।

এবার ১৬ নভেম্বর, বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালটি ইডেনে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালটি পেয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনের দৌড়ে ছিল চেন্নাই। কিন্তু নভেম্বরে চেন্নাইয়ে বৃষ্টি হয়। আবহাওয়ার বিষয়টিই তাই এগিয়ে দেয় কলকাতাকে। এবারের আইপিএলের সেরা দুই মাঠেই হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল।

কলকাতায় বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে অক্টোবরের ২৮ তারিখ, শনিবার। সেই ম্যাচে বাংলাদেশ খেলবে যোগ্যতা অর্জন পর্বে প্রথম স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এরপর ৩১ অক্টোবর, মঙ্গলবার পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ হবে ইডেনে। তারপর নভেম্বরের পাঁচ তারিখ, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ রয়েছে।
সেমিফাইনালের আগে আরও একটি ম্যাচ হবে ইডেনে। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটিও হবে ইডেনেই। উল্লেখ্য, পাকিস্তান ভারতের যে শহরগুলিতে তাদের ম্যাচগুলি ফেলার অনুরোধ করেছিল তার মধ্যে ছিল কলকাতা। রাউন্ড রবিন লিগে প্রতিটি দলই ৯টি করে ম্যাচ খেলবে। তার মধ্যে পাকিস্তানের ২টি ম্যাচ হবে ইডেনে।












Click it and Unblock the Notifications