Bangladesh Cricket: মহিলাদের টি২০ বিশ্বকাপ সরতে পারে বাংলাদেশ থেকে, পাকিস্তান সফর নিয়ে দোলাচলে বিসিবি
Bangladesh Cricket: বাংলাদেশে সংরক্ষণ-বিরোধী আন্দোলনে কয়েকশো মানুষের মৃত্যুর পর আজ পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়েছেন।
এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রীড়াক্ষেত্র। বিশেষ করে ক্রিকেট। বাংলাদেশ থেকে সরতে পারে মহিলাদের টি২০ বিশ্বকাপ।

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে চলেছে। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে এদিন ছিল না আওয়ামি লিগ। সেই দলের হয়ে নির্বাচন জিতে বাংলাদেশের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আওয়ামি লিগের থেকেই সাংসদ হয়েছেন মাশরফি বিন মর্তুজা, শাকিব আল হাসান। হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর পাপন, মাশরাফি, শাকিবরা কোন পথে হাঁটবেন তা নিয়ে চর্চা চলছে। অনিশ্চয়তায় বাংলাদেশের ক্রিকেটও।
বিক্ষোভকারীরা হামলা চালিয়েছিলেন বিসিবির সদর দফতরেও। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিসিবিতে কী হয়, সেদিকে নজর রাখছে আইসিসি। তবে সবচেয়ে যেটা বড় বিষয়, তাহলে এই পরিস্থিতিতে আদৌ বাংলাদেশ মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা।
দেশজুড়ে চলা বিক্ষোভ, প্রতিবাদ-আন্দোলনের মধ্যেও বিসিবি আত্মবিশ্বাসী ছিল সফলভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের। গত মাসে শ্রীলঙ্কায় আইসিসির বার্ষিক কনফারেন্সের পরেও জানানো হয়েছিল, বিশ্বকাপ দেরি আছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
The Hon’ble Prime Minister of Bangladesh, Sheikh Hasina, alongside Bangladesh captain Nigar Sultana and India captain Harmanpreet Kaur, during the launch of the ICC Women's T20 World Cup 2024 fixtures.#BCB #Cricket #Bangladesh #T20WorldCup 2024 pic.twitter.com/t7b3g6HJ11
— Bangladesh Cricket (@BCBtigers) May 5, 2024
তবে প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগ গোটা ঘটনায় অন্য মাত্রা যোগ করল। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের অধিনায়কদের উপস্থিতিতে শেখ হাসিনাকে মধ্যমণি করে বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল আইসিসি। ৩ থেকে ২০ অক্টোবর হওয়ার কথা ১০ দলের বিশ্বকাপ।
বর্তমান পরিস্থিতিতে আইসিসি মহিলাদের টি২০ বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরাতে পারে। গোটা বিষয়টি স্পষ্ট হবে কয়েক দিনের মধ্যেই। বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সামনেই পাকিস্তান সফর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটেছে।
১৭ অগাস্ট বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার কথা। দুই টেস্টের সিরিজ খেলতে। ২১ অগাস্ট থেকে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট। অগাস্টের ৩০ তারিখ থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। আগামী মাসে ভারতে খেলতে আসার কথাও রয়েছে বাংলাদেশের। ভারতে ১৯ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট, ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলার পর ৬, ৯ ও ১২ অক্টোবর ভারত০-বাংলাদেশ টি২০ সিরিজের ম্যাচ রয়েছে।
বাংলাদেশ এ দলের কাল রওনা দেওয়ার কথা ছিল পাকিস্তানে। সেখানে পাকিস্তান শাহীনের বিরুদ্ধে দুটি ৪ দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ রয়েছে। আপাতত যা পরিস্থিতি তাতে বাংলাদেশের ক্রিকেটের উপরও অনিশ্চয়তার কালো মেঘ।












Click it and Unblock the Notifications