বিশ্বকাপের সূচি কবে প্রকাশ? এশিয়া কাপ কোন পথে? বিসিসিআইয়ের এসজিএমের পর জানালেন জয়
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেই বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করবে আইসিসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার পর চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতের সাদা বলের সিরিজ পিছিয়ে যাচ্ছে।
আজ আমেদাবাদে ছিল বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা। তারপরই বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে লেটেস্ট আপডেট জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ডের এসজিএমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

লন্ডনের ওভারে জুনের ৭ থেকে ১১ তারিখ অবধি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। ১২ তারিখ রিজার্ভ ডে। WTC ফাইনালের আসরেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে বলে জানান বিসিসিআই সচিব জয় শাহ। কোথায় কোন খেলা হবে তা সাংবাদিক সম্মেলন করেই জানাবে আইসিসি।
বিসিসিআইয়ের এসজিএমের পর জয় শাহ বলেন, কয়েকদিনের মধ্যেই বিশ্বকাপের জন্য বোর্ড একটি কমিটি গঠন করবে। বিসিসিআইয়ের পদাধিকারীদের একেকজন একেকটি স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন। ভারতের মেট্রো শহরগুলিতেই বিশ্বকাপের ম্যাচ দেওয়া হবে বলে জানিয়েছেন জয় শাহ।

বিভিন্ন স্টেডিয়ামে পরিষেবা ও দর্শক স্বাচ্ছন্দ্যের বিষয়ে একাধিক অভিযোগ বোর্ডের নজরে এসেছে। স্টেডিয়ামগুলি সংস্কার ও মানোন্নয়নের জন্য বোর্ড বিভিন্ন রাজ্য সংস্থাকে অনুদান দেবে। নজরদারি করবে বোর্ডের কমিটি। স্টেডিয়ামগুলিতে সেরা দর্শক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা নিশ্চিত করে সংস্কারের কাজ বিশ্বকাপের আগেই শেষ করতে হবে।

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে অন্তত চারটি ম্যাচ তাদের দেশে না হলে বাবর আজমরা খেলবেন না এশিয়া কাপে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বৈঠক করবে। তারপরই নির্ধারিত হবে এশিয়া কাপের ভবিষ্যৎ।
আইপিএল ফাইনাল দেখতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি ও কর্তারা এসেছেন। তাঁদের সঙ্গে সরকারিভাবে না হলেও এশিয়া কাপ নিয়ে আলোচনা চালাচ্ছেন এসিসি সভাপতি জয় শাহ।

এশিয়া কাপ সেপ্টেম্বরে হওয়ার কথা। দেশের মাটিতে ভারত-আফগানিস্তান সাদা বলের সিরিজ জুনের বদলে বিশ্বকাপের আগে আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। ভারতে যেহেতু বিশ্বকাপ রয়েছে, সে কারণে দিওয়ালির সময় মহিলাদের প্রিমিয়ার লিগ হবে না। দ্বিতীয় সংস্করণটি হবে আগামী বছর মার্চের আগেই।
জুলাইয়ে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগে আগামী মাসেই ভারতীয় মহিলা দলের হেড কোচের নাম চূড়ান্ত হয়ে যাবে। শীঘ্রই ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি এ ব্যাপারে বৈঠকে বসছে।












Click it and Unblock the Notifications