ICC World Cup 2023: শতরান হাতছাড়া করলেও ভারতের জয়ে অবদান কোহলির, নিউজিল্যান্ডকে চূর্ণ করে শীর্ষে রোহিতরা
ICC World Cup 2023: ২০ বছর পর আইসিসি ইভেন্টে ভারতের কাছে পরাস্ত নিউজিল্যান্ড। আজ ধরমশালায় ভারত চলতি বিশ্বকাপের টানা পঞ্চম জয় ছিনিয়ে নিল। পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে পা বাড়াল সেমিফাইনালের দিকে।
২৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১২ বল বাকি থাকতে ভারত জিতল ৪ উইকেটে। মাত্র পাঁচ রানের জন্য ৪৯তম ওডিআই শতরানের বিশ্বরেকর্ড এদিন ছোঁয়া হলো না চেজমাস্টার কোহলির।

বিরাট কোহলি ছক্কা হাঁকিয়েই নিজের শতরান পূর্ণ করার পাশাপাশি ভারতকেও জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে চেয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে সেই রণকৌশল সফল হলেও আজ হলো না। উইকেটের এক প্রান্ত আগলে রেখে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন বিরাট। শেষ অবধি ম্য়াট হেনরিকে বাউন্ডারির বাইরে পাঠাতে গিয়ে ধরা পড়লেন গ্লেন ফিলিপসের হাতে।

বিরাটের ইনিংসে রয়েছে ৮টি চার, ২টি ছয়। রবীন্দ্র জাদেজা ৪৪ বলে ৩৯ ও মহম্মদ শামি ১ বলে ১ রানে অপরাজিত থাকেন। রোহিত শর্মা ৪৬, শুভমান গিল ২৬, শ্রেয়স আইয়ার ৩৩, লোকেশ রাহুল ২৭, সূর্যকুমার যাদব ২ রান করেন। ৪৮তম ওভারের শেষ বলে চার মেরে ভারতের জয় সুনিশ্চিত করে দেন জাড্ডু।
লকি ফার্গুসন ২টি এবং ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট দখল করেন। এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৭৩ রানে অল আউট হয়। ড্যারিল মিচেল করেন সর্বাধিক ১৩০ রান। রাচিন রবীন্দ্র করেন ৭৫। শেষ ১০ ওভারে কিউয়িদের ৬ উইকেট তুলে নেয় ভারত, ৫৪ রানের মধ্যেই।
প্রথম ও শেষ পাওয়ারপ্লে মিলিয়ে ৮৮ রানে ৮ উইকেট হারানোই কাল হলো কিউয়িদের। মহম্মদ শামি পাঁচ উইকেট দখল করে ম্যাচের সেরা হলেন। কুলদীপ যাদব ২টি এবং জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ নেন ১টি করে উইকেট। চলতি বিশ্বকাপে এটি প্রথম পরাজয় ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের রানার-আপদের।
নিউজিল্যান্ডের সামনে এরপর কঠিন ম্যাচ অপেক্ষা করছে। ২৮ অক্টোবর অস্ট্রেলিয়া, ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে কিউয়িদের। ভারতের পরের ম্যাচ ২৯ অক্টোবর লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। রোহিত শর্মাদের ৫ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট ১.৩৫৩। নিউজিল্যান্ডের ৫ ম্যাচে ৮ পয়েন্ট, নেট রান রেট ১.৪৮১।












Click it and Unblock the Notifications