ICC CWC 2023: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম, টাইমড আউট অ্যাঞ্জেলো! একই বলে দুই ব্যাটার সাজঘরে কোন নিয়মে?
ICC World Cup 2023: টাইমড আউট। বিশ্বকাপের আসরে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার লজ্জার রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)।
সাদিরা সময়বিক্রমা আউট হওয়ার পর মাঠে নামার সময় হেলমেটের স্ট্র্যাপ যে ছেঁড়া তা খেয়াল করেন ম্যাথিউজ। নতুন হেলমেট নেন। কিন্তু এরপরই ঐতিহাসিক নাটকের সাক্ষী থাকল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম।

২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সমরবিক্রমা (৪২ বলে ৪১ রান) শাকিব আল হাসানের শিকার হন। শ্রীলঙ্কার এটি চতুর্থ উইকেট, রান তখন ১৩৫। এরপরই নজিরবিহীন ঘটনা। ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো। কিন্তু প্রথম বল খেলার আগেই হেলমেট বদলানোর সিদ্ধান্ত নেন। সতীর্থরা হেলমেট নিয়ে মাঠেও আসেন।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী কেউ আউট হওয়ার পর যিনি ব্যাট করতে নামবেন তাঁকে ২ মিনিটের মধ্যে পরের বলটি খেলতে হবে। কিন্তু অ্যাঞ্জেলোর হেলমেট ঠিকঠাকভাবে লাগছিল না। ফলে তিনি নতুন হেলমেট নিতে গিয়েই বিপত্তি। অ্যাঞ্জেলো কোনও বল ফেস করার আগেই তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে বলেন আম্পায়ার মারাইস এরাসমাস ও রিচার্ড ইলিংওয়ার্থ।
আম্পায়াররা টাইমড আউট দিতেই তা নিয়ে প্রশ্ন তোলেন ম্যাথিউজ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা তখন সমরবিক্রমাকে ফেরানোর আনন্দে টিম হাডলে ছিলেন। ম্যাথিউজ দেখাতে থাকেন হেলমেটের স্ট্র্যাপে সমস্যা থাকাতেই তিনি নতুন হেলমেট চেয়ে পাঠান। তিনি ক্রিজে আসার পর স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছে বলেও দাবি করেন।
বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার। যদিও আম্পায়াররা মত বদলাতে রাজিই ছিলেন না। আউটের ধরনে অসন্তোষ ব্যক্ত করেই শেষ অবধি মাঠ ছাড়তে হয় ম্যাথিউজকে। ফলে ২৪.২ ওভারে ১৩৫ রানেই শ্রীলঙ্কার চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে।
সমরবিক্রমা আউট হয়েছিলেন বিকেল ৩টে ৪৯ মিনিটে। ম্যাথিউজকে টাইমড আউট দেওয়া হয় ৩টে ৫৪ মিনিটে। ফলে বোঝাই যাচ্ছে আউট দেওয়ার আগে ম্যাথিউজকে অতিরিক্ত সময় দিয়েছিলেন আম্পায়াররা। কেউ আউট হলে বা মাঠ ছেড়ে বেরিয়ে গেলে যিনি ব্যাট করতে নামলেন তিনি বা অন্য ব্যাটারকে ২ মিনিটের মধ্যেই পরের বলের মুখোমুখি হতেই হবে। এমনটা বলা আছে আইসিসির নিয়মে। এ ক্ষেত্রে ম্যাথিউজের বলটি খেলার কথা ছিল। ফলে নিয়ম মেনেই তাঁকে আউট দেন আম্পায়াররা।












Click it and Unblock the Notifications