ICC CWC 2023: বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতকে সতর্ক করলেন গৌতম গম্ভীর, দিলেন সাফল্যের কোন মন্ত্র?
ICC CWC 2023: বিশ্বকাপের জন্য আজই ভারতের ১৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের জায়গা হয়নি দলে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মা।
এশিয়া কাপে ব্যাক আপ হিসেবে থাকা সঞ্জু স্যামসনেরও এবারের বিশ্বকাপ খেলার আশা শেষ। স্টার স্পোর্টসে ভারতীয় দলের উদ্দেশে সতর্কতামূলক বার্তা দিলেন গৌতম গম্ভীর।

অক্টোবরের ৮ তারিখ চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্য়াচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর আমেদাবাদে ১৪ অক্টোবর বিশ্বের ১ নম্বর দল পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মেন ইন ব্লু-র। তার আগে এশিয়া কাপে ১০ সেপ্টেম্বর ভারত-পাক দ্বৈরথ রয়েছে। ফাইনালে যদি এই দুই দল ওঠে তাহলে ১৭ সেপ্টেম্বর আরও একটি ভারত-পাকিস্তান ম্য়াচ।

যদিও বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি ভাবনাচিন্তা থেকে বিরত থাকতেই ভারতীয় দলকে পরামর্শ দিলেন গম্ভীর। পাকিস্তান ম্যাচকে বিশ্বকাপ জেতার একটি ধাপ হিসেবে দেখার কথাই বলেছেন তিনি। গম্ভীরের কথায়, ইংল্যান্ড গতবার বিশ্বকাপে শেষ হাসি হেসেছে। কখনও শুধু পাকিস্তানকে হারানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামা ঠিক নয়।
গম্ভীর বলেছেন, ১৪ অক্টোবরের ভারত-পাক ম্য়াচই শেষ কথা নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হলে ফাইনাল খেলা এবং কাপ জেতা। কারণ, বিশ্বকাপ ৪ বছর অন্তর আসে। আমরা কেউই বলতে পারি না এবারের দলের কতজন বিশ্বকাপে খেলতে পারবেন। ফলে গোটা দেশ, ক্রিকেটপ্রেমী, সম্প্রচারকারী সংস্থা সকলেরই উচিত ফোকাস বিশ্বকাপে রাখা, শুধু ভারত-পাক ম্যাচে নয়।
২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপের কথা টেনে গম্ভীর বলেছেন, ২০০৭ সালে টি ২০ বিশ্বকাপে আমরা পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু করেছিলাম। ফাইনালে হারিয়েছিলাম পাকিস্তানকেই। ২০১১ সালেও পাকিস্তান ম্যাচ ছিল বিশ্বকাপ জয়ের পথে একটি ধাপ মাত্র। ভারত-পাক ম্য়াচ নিয়ে যাবতীয় আলোচনা বন্ধ করে বিশ্বকাপে ফোকাস রাখলে তা ভারতীয় দলের পক্ষেও মঙ্গল, মত গম্ভীরের।












Click it and Unblock the Notifications