ICC U-19 World Cup: সাসপেনশনের মধ্যে আরও কোণঠাসা শ্রীলঙ্কা, বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরাল আইসিসি
ICC U-19 World Cup: ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপের কারণে বিশ্বকাপ চলার মধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করেছিল আইসিসি। এরপরই শ্রীলঙ্কা সরকার ও শ্রীলঙ্কা ক্রিকেটের কর্তারা চেষ্টা শুরু করেন যাতে সাসপেনশন প্রত্যাহার করা হয়।
যদিও ফের ঘোরালো হলো পরিস্থিতি। সাসপেনশন প্রত্যাহারের আপাতত যে সম্ভাবনা নেই তা স্পষ্ট করে দিল আইসিসি। শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হলো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ।

আইসিসি বোর্ড সর্বসম্মতভাবেই বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট সাসপেন্ড হওয়ার কারণেই আইসিসির এই পদক্ষেপ। তবে ইএসপিএনক্রিকইনফোর দাবি, আইসিসি বোর্ডের মিটিংয়ে ঠিক হয়েছে শ্রীলঙ্কায় কোনও পর্যায়ের ক্রিকেটই সাসপেনশনের জন্য বিঘ্নিত হবে না। দ্বিপাক্ষিক সিরিজ থেকে ঘরোয়া টুর্নামেন্ট, সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য।
তবে আইসিসির তরফে যে আর্থিক অনুদান বা অ্যানুয়াল ফান্ডিং পায় শ্রীলঙ্কা ক্রিকেট, তা সাসপেনশন জারি থাকা অবধি নিয়ন্ত্রিত হবে। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শামি সিলভা আশঙ্কা প্রকাশ করেছিলেন, বোর্ডের কাজকর্মে সরকারি হস্তক্ষেপের বিষয়টি নিয়ে যতক্ষণ না আইসিসি সন্তুষ্ট হচ্ছে, ততক্ষণ অবধি জানুয়ারিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন নিয়ে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না।
সেই আশঙ্কাই সত্যি হলো। শ্রীলঙ্কা থেকে সরে গেল যুব বিশ্বকাপ। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘের সংঘাত চলছে বছরখানেক ধরে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও অব্যবস্থার অভিযোগ তুলেছেন রণসিংঘে। অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের বিষয়ে অসন্তুষ্ট বোর্ডকর্তারা।
বিশ্বকাপে শ্রীলঙ্কা ব্যর্থ হতেই শ্রীলঙ্কা ক্রিকেটের সব পদাধিকারীকে পদত্যাগের নির্দেশ দেয় শ্রীলঙ্কা সরকার। অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে বোর্ড চালাতে একটি কমিটি গড়া হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট আদালতে যেতেই ধাক্কা খেয়েছে সরকারের সেই পরিকল্পনা। সরকার যে হস্তক্ষেপ করছে বোর্ড প্রশাসনে সে ব্যাপারে আইসিসিকে জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট।
গত বছরের নভেম্বরে সেই অভিযোগ পেয়ে বাস্তব খতিয়ে দেখতে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজাকে শ্রীলঙ্কায় পাঠায়। এবার সরকার বনাম বোর্ডের সংঘাত জনসমক্ষে আসতেই শ্রীলঙ্কা ক্রিকেটকে সাসপেন্ড করে চাপ বাড়ায় আইসিসি। ২০২০ সালের পর ফের দক্ষিণ আফ্রিকায় হবে যুব বিশ্বকাপ। মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও এবার হয়েছে দক্ষিণ আফ্রিকায়।












Click it and Unblock the Notifications