মহিলাদের প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত করতে পারল না দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস জিতল ১১ রানে
মহিলাদের প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত করে ফেলার সুযোগ আজ হাতছাড়া করল দিল্লি ক্যাপিটালস। বাড়ল প্রতীক্ষার পালা। অন্যদিকে, গুজরাত জায়ান্টস ১১ রানে ম্যাচ জিতে জমিয়ে দিল প্লে-অফের লড়াই। চাপ বাড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপর। দিল্লি আপাতত রইল দ্বিতীয় স্থানেই, গুজরাত রইল চারে।

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ২০ ওভারে গুজরাত জায়ান্টস তোলে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান। ওপেনার লরা উলভার্ট ৪৫ বলে ৫৭ রান করেন, মেরেছেন ৬টি চার ও একটি ছয়। অ্যাশ গার্ডনার ৯টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। হারলিন দেওল ৩৩ বলে ৩১ রান করেন। সোফিয়া ডাঙ্কলি ৪ ও দয়ালান হেমলতা ১ রানে অপরাজিত থাকেন। জেস জোনাসেন ২টি এবং অরুন্ধতী রেড্ডি ও মারিজান কাপ একটি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ১৮.৪ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। মারিজান কাপ ২৯ বলে ৩৬ রান করেন। অরুন্ধতী রেড্ডি ১৭ বলে ২৫ ও অ্যালিস ক্যাপসি ১১ বলে ২২ রান করেন। ১৫ বলে ১৮ রান করেন মেগ ল্যানিং। কিম গার্থ, তনুজা কানওয়ার ও অ্যাশ গার্ডনার দুটি করে উইকেট দখল করেন। স্নেহ রানা ও হারলিন দেওল নেন একটি করে উইকেট।
এই জয়ের ফলে গুজরাত জায়ান্টসের ৬ ম্যাচে হলো ৪ পয়েন্ট। নেট রান রেট মাইনাস (-) ২.৫২৩। দিল্লি ক্যাপিটালস ৮ পয়েন্টে দাঁড়িয়ে রইল ৬ ম্যাচ খেলে। তাদের নেট রান রেট ১.৪৩১। ইউপি ওয়ারিয়রজ ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। তাদের নেট রান রেট মাইনাস (-) ০.১৯৬। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে। আরসিবির নেট রান রেট মাইনাস (-) ১.৫৫০। শনিবার মুম্বই খেলবে ইউপির বিরুদ্ধে, আরসিবির প্রতিপক্ষ গুজরাত। সোমবার গুজরাত খেলবে ইউপির বিরুদ্ধে। মুম্বইয়ের সামনে দিল্লি। মঙ্গলবার আরসিবি বনাম মুম্বই এবং ইউপি বনাম দিল্লি ম্যাচ।












Click it and Unblock the Notifications