IPL 2022: অক্ষর-ললিত জুটিতে আইপিএল-এর প্রথম ম্যাচেই হারে মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়নরা
অক্ষর-ললিত জুটিতে আইপিএল-এর প্রথম ম্যাচেই হারে মুখ দেখল পাঁচ বারের চ্যাম্পিয়নরা
কাজে এল না ঈশান কিষানের ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস। ললিত যাদব এবং অক্ষর প্যাটেলের যুগবন্দীতে পঞ্চদশ আইপিএল-এর তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে পরাস্থ করল দিল্লি ক্যাপিটলস।

রবিবার মুম্বইয়ের ব্র্যাবর্ন স্টেডিয়ামে প্রথমে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে স্বাগত জানান দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ। ঈশান কিষাণের ৮১ রানে ঝোড়ো ইনিংস-এর সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে মুম্বইয়ের রান দাঁড়ায় ১৭৭/৫। ঈশান ছাড়াও এই ম্যাচে রান পেয়েছেন মুম্বইয়ের অধিনায়ক রোহতি শর্মা (৪১)। তরুণ তিলক বর্মা শেষের দিকে ২২ রানের ইনিংস খেলেন। মিডল অর্ডারে আনমোলপ্রীত সিং মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান। অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ড করেন মাত্র ৩ রান। টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১২ রান।
দিল্লির হয়ে তিনটি উইকট নেন কুলদীপ যাদব। কলকাতা নাইট রাইডার্স হোক কিংবা জাতীয় দল, কোথাও নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছিলেন না কুলদীপ। কেকেআর বসিয়ে রেখে যেই প্রতিভাকে শেষ করে দিয়েছিল সেই কুলদীপই দেখাল এখনও জাদু রয়েছে তাঁর আঙুলে অনবদ্য তিনটি উইকেট শিকার করেন এই তারকা স্পিনার। দু'টি উইকেট পেয়েছেন খালিল আহমেদ। উল্লেখ্য, নিলামে এই খালিলকে নেওয়ার জন্য অনেক দূর এগিয়েছিল মুম্বইও।
মুম্বই ইন্ডিয়ান্সের দেওয়া ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমিক শুরুটা ভাল করলেও মুরুগন অশ্বিন ধস নামায় দিল্লির ব্যাটিং অর্ডারে। ছন্দে থাকা টিম শেফার্টকে ২১ রানে বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখানো অশ্বিন তুলে নেন মনদীপ সিংকেও। মিডল অর্ডারে খেলা মনদীপ সিং দুই বল খেলে রানের খাতা না খুলেই ফিরে যায় ড্রেসিং রুমে। ব্যর্থ হন দলের অধিনায়ক ঋষভ পন্থও। প্রথম বলে এক রান নেওয়া ঋষভ দ্বিতীয় বলেই বড় শট খেলার প্রচেষ্টায় টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন।
এই অবস্থায় ললিত যাদবকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান পৃথ্বী শ। ৩৮ রানে আউট হন তরুণ বিধ্বংসী ব্যাটসম্যান। এরই সঙ্গে আরও একটি উইকেট পায় মুম্বই। রোভম্যান পাওয়েল ফিরে যান শূন্য কানে। ললিতের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করা শার্দূল ঠাকুর করেন ২২ রান।
ধুকতে থাকা দিল্লি ক্যাপিটলসের ব্যাটিং-এ নতুন প্রাণের সঞ্চার করেন অক্ষর পটেল। তাঁর অপরাজিত ১৭ বলে ৩৮ এবং ললিত যাদবের লড়াকু অপরাজিত ৪৮ রানের ইনিংস জয় দিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করতে সাহায্য করল দিল্লি ক্যাপিটলসকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে দিল্লি ক্যাপিটলসের কুলদীপ যাদব। কুলদীপের বোলিং ফিগার ৪-০-১৮-৩।












Click it and Unblock the Notifications