CT 2025, PAK vs NZ: ইয়ংয়ের পর লাথামেরও সেঞ্চুরি, নিউজিল্যান্ড ৩২১ রানের টার্গেট দিল 'শাস্তি' পাওয়া পাকিস্তানকে
CT 2025, PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই জোড়া শতরান। ওপেনার উইল ইয়ং এদিন করাচিতে প্রথমে শতরান করলেন। তারপর তাঁর রানও টপকে গেলেন টম লাথাম।
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। মিচেল স্যান্টনারের দল মহম্মদ রিজওয়ানদের সামনে দিল ৩২১ রানের লক্ষ্যমাত্রা।

প্রথম পাওয়ারপ্লে-তে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১০.১ ওভার থেকে ৪০ ওভারের মধ্যে ওঠে ১৫৯ রান, ২ উইকেট খুইয়ে। তৃতীয় পাওয়ারপ্লে-তে শেষ ১০ ওভারে উঠল ১১৩ রান, ১ উইকেট খুইয়ে। শেষ পাঁচ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৪।
চতুর্থ উইকেট জুটিতে উইল ইয়ং ও টম লাথাম যোগ করেছেন ১১৮ রান। পঞ্চম উইকেট জুটিতে লাথাম ও গ্লেন ফিলিপস ১২৫ রান যোগ করেন। টম লাথাম ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে করেন ৫৬।
এদিন লাথাম কেরিয়ারের অষ্টম শতরান পূর্ণ করেন ৯৫ বলে। পাঁচে নেমে তিনি অপরাজিত থাকলেন ১০৪ বলে ১১৮ রান করে। ১০টি চার ও তিনটি ছয় মেরেছেন। লাথাম ৬১ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ওপেনার উইল ইয়ং ১১৩ বলে ১০৭ করেন। ১২টি চার ও ১টি ছয়ের দৌলতে।
ডেভন কনওয়ে ১০, কেন উইলিয়ামসন ১, ড্যারিল মিচেল ১০ রান করেন। ছয়ে নামা গ্লেন ফিলিপস ৩৯ বেল ৬১ করলেন, তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে। মাইকেল ব্রেসওয়েল ০ রানে অপরাজিত থাকেন। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ইনিংসে দু-জন ব্যাটার শতরান পেলেন।
পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি। ফলে শেষ ২ ওভার অতিরিক্ত একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে রাখতে হয়। নাসিম শাহ ১০ ওভারে ৬৩ ও হ্যারিস রউফ ১০ ওভারে ৮৩ রান খরচ করে দুটি করে উইকেট নেন। ১০ ওভারে ৪৭ রান খরচ করে ১ উইকেট পান আব্রার আহমেদ।
শাহিন শাহ আফ্রিদি ১০ ওভারে ৬৮, খুশদিল শাহ ৭ ওভারে ৪০ ও আঘা সলমন ৩ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি। পাকিস্তানকে ওপেনিং জুটিও বদলাতে হবে। কারণ, ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফখর জামান। দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। পরে ফিল্ডিং করতে নামলেও তিনি ওপেন করতে পারবেন না নিয়ম অনুযায়ী।












Click it and Unblock the Notifications