ভারত বনাম ইংল্যান্ড : মোতেরা এবং পুনের মাঠে দর্শক সমাগম চায় বিসিসিআই!
ভারত বনাম ইংল্যান্ড : মোতেরা এবং পুনের মাঠে দর্শক সমাগম চায় বিসিসিআই!
করোনা ভাইরাসের আবহে চেন্নাইয়ের চিপকে সম্ভব না হলেও আহমেদাবাদের মোতেরা এবং পুনের মাঠে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে দর্শক সমাগম ঘটানোর চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তা আদৌ সম্ভব হবে কিনা, সে সময় বলবে।

মোতেরায় মুস্তাক আলি ট্রফির ম্যাচ
নতুন ভাবে গড়ে ওঠা আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট স্তরের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন দৃষ্টিনন্দন এই মাঠে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করার জন্য উঠেপড়ে লেগেছে বিসিসিআই। মোতেরায় ২০২১ সালের আইপিএলের ফাইনাল আয়োজন করারও তোড়জোর শুরু হয়েছে। অন্যদিকে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের গমগমে স্টেডিয়ামে এর আগে একাধিক আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট দিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দিন রাতের টেস্ট। ৪ মার্চ থেকে একই মাঠে লাল বলের টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড। মোতেরাতেই দুই দলের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এক লাখি স্টেডিয়ামে অন্তত ২৫ থেকে ৩০ হাজার দর্শক প্রতিদিন মাঠে বসে খেলা দেখুন, চায় বিসিসিআই। করোনা ভাইরাসের আবহে তা সম্ভব করতে গুজরাত প্রশাসনের সঙ্গে বিসিসিআইয়ের কথা চলছে বলে খবর। একই ভাবে পুনেতে ভারত বনাম ইংল্যান্ডের তিনটি ওয়ান ডে ম্যাচ দর্শকরা মাঠে দেখুন, সেই আশা নিয়ে মহারাষ্ট্র সরকারের দ্বারস্থ হয়েছে ভারতীয় বোর্ড।

দর্শকশূন্য চেন্নাইয়ের চিপক
আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে। করোনা ভাইরাসের আবহে মাঠে দর্শক প্রবেশের অনুমতি চেয়ে বিসিসিআই যে আবেদন করেছিল, তা তামিলনাড়ু সরকার খারিজ করে দিয়েছে।

চেন্নাইতে কড়া বিধি
বুধবার দুপুরে চেন্নাই পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। হোটেলে নিয়ে যাওয়ার আগে বিমানবন্দরেই দলের প্রতি ক্রিকেটারের কোভিড ১৯ টেস্ট করা হয়। রিপোর্ট যাদের নেগেটিভ আসবে, তাদের প্রাথমিক কোয়ারেন্টাইন পর্ব শেষে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। কোনও ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিললে তাঁকে বা তাঁদের দলের থেকে আলাদা করে অন্যত্র রাখা হবে বলে চেন্নাই প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেটারদেরও কোভিড ১৯ টেস্ট করার নির্দেশ দিয়েছে বিসিসিআই।












Click it and Unblock the Notifications