দিল্লি টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পেল ১ রানের লিড, ভারতের সর্বাধিক রান অক্ষরের, লিয়ঁর ৫ উইকেট
দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে আজ ভারতের প্রথম ইনিংস শেষ হলো ২৬২ রানে। অস্ট্রেলিয়া পেল ১ রানের লিড। অক্ষর প্যাটেল করলেন ৭৪ রান, নাথান লিয়ঁর ঝুলিতে ৫ উইকেট।
দিল্লি টেস্টে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ১ রানের লিড পেল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের দল প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান। আজ ভারত প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। যদিও অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনের পার্টনারশিপ ভারতকে মুখরক্ষার সুযোগ করে দিল।

প্রথম সেশনেই চার উইকেট
অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লিয়ঁর দাপটে আজ ভারত প্রথম সেশনে ব্যাকফুটে চলে যায়। গতকাল দিনের শেষে স্কোর ছিল ৯ ওভারে বিনা উইকেটে ২১। আজ ৪৬ রানে প্রথম উইকেট পড়ার পর একটা সময় স্কোর পৌঁছে যায় ৪ উইকেটে ৬৬ রানে। লোকেশ রাহুল ফের ব্যর্থ। ৪১ বলে ১৭ রানে আউট হন ভারতের সহ অধিনায়ক। ইন্দোর ও আমেদাবাদ টেস্টে তাঁর জায়গা ধরে রাখা মুশকিল। রোহিত শর্মা ৬৯ বলে ৩২ রান করে নাথান লিয়ঁর বলে বোল্ড হয়ে যান। রাহুলের পর চেতেশ্বর পূজারাকেও লেগ বিফোরের মাধ্যমে প্যাভিলিয়নে ফেরান লিয়ঁ। শততম টেস্টে পূজারা ৭ বলে শূন্য করে আউট। শ্রেয়স আইয়ার ১৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলাতে চাপে ভারত
এরপর বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর দুজনেই আউট হলে চাপ বাড়ে ভারতের উপর। চারটি চারের সাহায্যে ৭৪ বলে ২৬ রান করে টড মার্ফির বলে লেগ বিফোর জাদেজা। ১২৫ রানে ভারতের পঞ্চম উইকেট পড়ে। ১৩৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। অভিষেক টেস্টে বিরাট কোহলির উইকেটটি তুলে নেন ম্য়াট কুহনেম্যান। চারটি বাউন্ডারির সাহায্যে ৮৪ বলে ৪৪ রান করেন কিং কোহলি। ১২ বলে ৬ রান করে লিয়ঁর পঞ্চম শিকার হন শ্রীকার ভরত। ৫০.৫ ওভারে ১৩৯ রানে ভারতের সপ্তম উইকেট পড়ে।

অশ্বিন-অক্ষর জুটিতে মুখরক্ষা
এরপরও ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি পৌঁছতে পারল রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের জুটিতে ভর করে। অষ্টম উইকেট জুটিতে অক্ষর ও অশ্বিন মিলে যোগ করেন ১১৪ রান। নতুন বল নিয়ে ৮০.২ ওভারে এই জুটি ভাঙেন প্যাট কামিন্স। পাঁচটি চারের সাহায্যে ৭১ বলে ৩৭ রান করেন অশ্বিন। তিনি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৫৩।

ভারত পিছিয়ে থাকল ১ রানে
অশ্বিন আউট হওয়ার পরের ওভারেই অক্ষর প্যাটেল আউট হন। ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১৫ বলে ৭৪ রান করে। নাগপুর টেস্টে অক্ষর করেছিলেন ৮৪। এদিন কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করে দায়িত্বশীল ইনিংস খেললেন, যা ভারতীয় ইনিংসে সর্বাধিক। ২৫৯ রানে নবম উইকেট পড়ে। এরপর মহম্মদ শামিকে বোল্ড করে দেন কুহনেম্যান।

লিয়ঁর ৫-সহ স্পিনারদের ৯ উইকেট
লিয়ঁ ৬৭ রানে নিলেন ৫ উইকেট। কুহনেম্যান ৭২ রানের বিনিময়ে ও টড মার্ফি ৫৩ রান খরচ করে নিলেন ২টি করে উইকেট। প্যাট কামিন্স একটি উইকেট পান। কনকাসনের কারণে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। ম্যাট রেনশ মিডল অর্ডারেই নামবেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সূচনা করেছেন উসমান খোয়াজা ও ট্রাভিস হেড।












Click it and Unblock the Notifications