ভারতে জোড়া টেস্টে হেরেই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, কামিন্স না এলে নেতৃত্বে কে?
বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেলেছে ভারত। চার টেস্টের সিরিজে দুটি টেস্ট জিতে। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আরও একটি লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে বিশ্বের ১ নম্বর টেস্ট দল। এরপরই দেশে ফিরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইন্দোরে সিরিজের শেষ টেস্ট শুরু মার্চের ১ তারিখ।

দেশে ফিরলেন কামিন্স
ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ইন্দোরে শুরু ১ মার্চ থেকে। নির্ধারিত সময়ের আগে দ্বিতীয় টেস্ট শেষ হয়ে যাওয়ায় কয়েক দিনের জন্য ভারতীয় ক্রিকেট দলকে ছুটি দেওয়া হয়েছে। অজি অধিনায়ক প্যাট কামিন্স আজ ভোরে দেশে ফিরলেন। তাঁর পরিবারের এক সদস্য গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। সে কারণেই কামিন্স কয়েক দিনের জন্য সিডনি ফিরে গিয়েছেন। অস্ট্রেলিয়া শিবিরের আশা, তৃতীয় টেস্টের আগেই তিনি চলে আসবেন। তবে যদি কামিন্স ইন্দোর টেস্টের আগে না আসেন তাহলে বেছে নিতে হবে নয়া অধিনায়ক।

ইন্দোরে খেলবেন?
দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে কামিন্সই ছিলেন একমাত্র জোরে বোলার। তবে ভারতের দ্বিতীয় ইনিংসে তাঁকে বল করতে হয়নি। কামিন্স তৃতীয় টেস্টেও খেলবেন বলেই এখনও স্থির রয়েছে। তবে একান্তই যদি না আসতে পারেন সেক্ষেত্রে সহ অধিনায়ক স্টিভ স্মিথ অজিদের নেতৃত্ব দেবেন। ২০২১ সালে কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পরও তাঁর অনুপস্থিতিতে স্মিথ দুবার নেতৃত্ব দিয়েছেন। ২০২১-২১ অ্যাশেজে অ্যাডিলেড টেস্টের আগে কোভিড আক্রান্তের সংস্পর্শে খেলতে পারেননি কামিন্স। গত বছর কোয়াড ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেডেই টেস্টের একাদশে ছিলেন না কামিন্স। তিনি অস্ট্রেলিয়ার একদিনের দলের অধিনায়কও। সেক্ষেত্রে ওয়ার্কলোডের বিষয়ে কামিন্সকে কোন ম্যাচে বিশ্রাম দেওয়া হয় সেটাও দেখার।

জোরে বোলারের বিকল্প
কামিন্স না এলেও অজিদের চিন্তার কারণ খুব একটা নেই। কারণ, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড ফিট হয়ে যাবেন ইন্দোর টেস্টের আগে। স্কট বোল্যান্ড এবং ল্যান্স মরিসও রয়েছেন। তৃতীয় টেস্টের আগে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও ফিট হয়ে যাবেন বলে আশাবাদী অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

পরিবর্তন আসছেই
দিল্লি টেস্টে হারের পর ফের দলে রদবদলের আভাস দিয়েছেন কামিন্স। কনকাসনের কারণে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারের কনুইয়ে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। ওয়ার্নারের পক্ষে দলে জায়গা ধরে রাখা কঠিন। টড মার্ফিরও হাল্কা চোট রয়েছে। লেগস্পিনার মিচেল সোয়েপসন প্রথম সন্তানের জন্মের পর দলের সঙ্গে যোগ দেবেন।












Click it and Unblock the Notifications