আজ এশিয়া কাপ ফাইনাল : ফেভারিট ভারত, তবে লড়াইয়ের শপথ বাংলাদেশেরও
মীরপুর, ৬ মার্চ : এশিয়া কাপ ফাইনালে কোন দল ফেভারিট হিসাবে শুরু করবে তার জবাবে সকলেই ভারতের কথা বলবেন। ক্রিকেট বিশ্বে ভারতের যা শক্তি তাতে ধারেভারে পদ্মাপারের দেশ হিসাবেই পড়ে না। টি20 ক্রিকেটে ভারত এখন পয়লা নম্বর শক্তি। ওদিকে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। [ভারত-বাংলাদেশের ফাইনাল যুদ্ধ নিয়ে যে তথ্যগুলি জেনে রাখা প্রয়োজন!]
দুই দলের ক্রিকেটারদের ধরে বিচার করলেও ক্রমতালিকার এক ও দশ নম্বরের মাঝে কোনও তুলনাই হতে পারে না। কিন্তু ঘটনা হল, তুলনা চলছে সমানে। আর যুক্তির বিচারে হিসাব করলেও বোঝা যাবে, মাশরাফি মোর্তাজার বাংলাদেশকে একেবারে হেলায় উড়িয়ে দিতে পারবে না মহেন্দ্র সিং ধোনির ভারত।

গত দশটি খেলার মধ্যে ৯টিতে জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি যুবরাজ সিংরা যেমন ফর্মে রয়েছেন তাতে বাংলাদেশকে হেলায় হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ভারত। তবে দলটার নাম যেহেতু বাংলাদেশ, ও খেলা যেহেতু সেদেশের মাটিতে, তাই একেবারে বাংলাদেশ উড়িয়ে দিলে ভুল করবে ধোনির টিম।
দুই দেশের মানুষই হাড্ডাহাড্ডি ক্রিকেটের আশা করছেন। বাংলাদেশ দলে ফেরা তামিম ইকবাল, মাশরাফি মোর্তাজা, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন, আল আমিনদের সঙ্গে সারা দেশের সমর্থন রয়েছে। গোটা স্টেডিয়ামের সমর্থন থাকবে বাংলার বাঘেদের দিকে।
এই পরিস্থিতিতে ম্যাচ বের করা খুব সহজ হবেন না ভারতের কাছে। ভারত যেখানে রণনীতি ও তারকা খেলোয়াড়দের ব্যক্তিগত সফলতার উপরে নির্ভর করবে, ওদিকে বাংলাদেশ নির্ভর করবে টিম স্পিরিট ও আবেগের উপরে। যে আবেগ মাশরাফিদের আরও ভালো খেলার প্রেরণা যোগাচ্ছে।
এই ম্যাচে ভারতের দলে ইউএই-র বিরুদ্ধে না খেলা বোলাররা ফিরছেন। তবে বাংলাদেশ কিন্তু পাকিস্তান ম্যাচের দলই অপরিবর্তিত রাখছে। এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট শক্তির মধ্যে প্রধান শ্রীলঙ্কা ও পাকিস্তানকে এই টুর্নামেন্টেই হারিয়েছে বাংলাদেশ। এবার পালা এশিয়ার সেরা শক্তিকে হারানোর। আর সেই আশাতেই বুক বেঁধেছে গোটা বাংলাদেশ।












Click it and Unblock the Notifications