অনুব্রত কন্যাকে ফের নোটিশ ইডির! হাজিরা দেওয়া নিয়ে বাড়ছে জল্পনা
অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যাকে ফের একবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! আগামী সপ্তাহেই অনুব্রত কন্যাকে দিল্লিতে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। এর আগে একাধিকবার ইডির তরফে সুকন্যাকে নোটিশ করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি।
এই অবস্থায় কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি সুকন্যা মণ্ডল হন কিনা সেদিকেই তাকিয়ে নজর সবার। তবে এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ সুকন্যা। ফলে দিল্লিতে গিয়ে ইডির মকুখমুখি হতে অনুব্রত কন্যা পারবেন কিনা তা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তবে বীরভূমের বাড়িতেই সুকন্যা মণ্ডল রয়েছেন বলে জানা গিয়েছে।

গরু পাচার মামলাতে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মুহূর্তে তিহাড় জেলেই বন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। যদিও দিল্লি ইডি হেফাজতে থাকাকালীন সুকন্যাকে তাঁর মুখোমুখি বসাতে চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বেশ কিছু প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি বলে মনে করছেন তাঁরা। এই জন্যেই সুকন্যাকে তলব করে ইডি।
যদিও পালটা আইনজীবী মারফৎ চিঠি দিয়ে বেশ কিছুদিন সময় চেয়ে নেন সুকন্যা। এরপরেও নোটিশ গিয়েছে ইডির তরফে। তবে এবার আর সময় তদন্তকারীরা সুকন্যাকে দিতে রাজি নয় বলেই জানা গিয়েছে। সম্প্রতি তদন্তকারীদের হাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে। সম্প্রতি আসানসোল সংশোধনাগারের সুপারকে কয়েক দফাতে জেরা করেছেন ইডি আধিকারিকরা।
এমনকি অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউটেন্টকেও ইতিমধ্যে জেরা করেছে ইডি। আর দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ওই চাটার্ড অ্যাকাউটেন্টকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। এমনকি সম্প্রতি বেশ কিছু ব্যাংকিং লেনদেন নিয়েও তথ্য পেয়েছেন আধিকারিকরা। এই সমস্ত বিষয়েই সম্ভবত সুকন্যাকে জেরা করবেন আধিকারিকরা। এর আগেও সুকন্যাকে জেরা করেছে ইডি।

সুকন্যার নামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেই বিষয়ে জিজ্ঞেস করা হলে বারবার সে বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সুকন্যা। এমনকি পুরোটাই বাবা অনুব্রত মণ্ডল জানেন বলেও জানিয়ে ছিলেন তিনি। এই অবস্থায় সুকন্যাকে ফের নোটিশ খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তবে এই সময়ে অনুব্রত মণ্ডলের মুখোমুখি সুকন্যাকে বসানো হবে কিনা তা স্পষ্ট নয়। এই মুহূর্তে তিহাড় জেলেই রয়েছেন অনুব্রত। তবে সূত্রে জানা গিয়েছে, সুকন্যাকে জেরা করে পাওয়া তথ্য পরে অনুব্রত মণ্ডলের থেকে যাচাই করতে পারে ইডির আধিকারিকরা। যদিও এই বিষয়ে সুকন্যার কোনও বক্তব্য পাওয়া যায়নি।













Click it and Unblock the Notifications