কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি? অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত?
অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। অভিযুক্তকে ধরা তো দূরের কথা। প্রাণ বাঁচিয়ে সরে যাওয়াই তখন যেন বুদ্ধিমানের কাজ। খোদ পুলিশ কর্মীদের উপরেই গুলি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনা আর কোথাও নয়। এই রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সাদ্দাম লস্কর এক ব্যক্তির খোঁজে পুলিশ এলাকায় গিয়েছিল। কুলতলি থানার পুলিশ তাকে ধরতে জালাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট গ্রামে যায়। সেই সময় অভিযুক্ত পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে ধরে। পুলিশকে এগোতে বাধা দেয় মহিলারা। মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। পুলিশকে সেই জায়গা থেকে বারবার চলে যেতে বলা হয়।

পুলিশ তাদের সরিয়ে অভিযুক্ত সাদ্দাম লস্করকে ধরার চেষ্টা করে। তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। পুলিশ শেষ পর্যন্ত পিছু হটে। অভিযুক্তকে পুলিশ ধরতে পারেনি বলে খবর। ঘটনায় দুই মহিলাকে আটক করা হয়েছে বলে প্রাথমিক সূত্রের জানা গিয়েছে।
কিন্তু কী করেছে এই সাদ্দাম লস্কর? জানা যাচ্ছে, সোনার গয়না বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা সে একজনের কাছ থেকে নিয়েছে। কিন্তু পরে জানা যায়, সেগুলি আসল সোনা নয়। নকল সোনা দিয়ে এই টাকা নেওয়া হয়। ওই ব্যক্তি পুলিশের দ্বারস্থ হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাদ্দামকে ধরতে গ্রামে যায়। তখনই এই ঘটনা।
সাদ্দাম লস্কর গা ঢাকা দিয়েছে বলে খবর। ওই গ্রামে নকল সোনা ও নকল মূর্তি পাচার চক্রের কাজকর্ম হয়। এই অভিযোগ আগেও এসেছে৷ নকল মূর্তি বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। ফলে পুলিশ ওই ব্যক্তিকে ধরার জন্যই গ্রামে গিয়েছিল।
কিন্তু পুলিশ বাধার মুখে পড়ে৷ সেই সময় পালিয়ে গিয়েছে সাদ্দাম লস্কর নামে ওই ব্যক্তি। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে যায়। তল্লাশি চলে। পুলিশ মূল অভিযুক্তকে খুঁজছে। দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় এলাকায় চাপা আতঙ্ক, উত্তেজনা রয়েছে।












Click it and Unblock the Notifications