উপনির্বাচনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক, দিনহাটার মতোই বিজেপিতে ভাঙন খড়দহেও
উপনির্বাচনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক, দিনহাটার মতোই বিজেপিতে ভাঙন খড়দহেও
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের লাইন লেগে গিয়েছিল। কিন্তু বিজেপি সরকারে আসতে পারেনি। ফলে বিজেপির (BJP) থেকে এবার যোগদানের হিড়িক তৃণমূলের (Trinamool Congress) দিকে। দিনহাটার পরে সেই হিড়িক খড়দহেও (Khardah)। ইতিমধ্যেই এলাকায় গেরুয়া শিবিরে বড় ভাঙন হয়েছে, ৩০ অক্টোবরের আগে আরও বড় ভাঙন অপেক্ষা করছে বলে দাবি করেছে ঘাসফুল শিবির।

বিজেপির এগিয়ে থাকা এলাকায় দলবদল
গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই মৃত্যু হয়েছিল খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার। ফল গণনায় দেখা গিয়েছিল খড়দহে ফলে তিনি এগিয়ে থাকলেও বিলকান্দা-২ পঞ্চায়েত এলাকায় তৃণমূল ১১০০-র বেশি ভোটে পিছিয়ে ছিল। সেই এলাকাতেই বিজেপি শিবিরে ভাঙন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকাটি মতুয়া অধ্যুষিত। ফলে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বিভিন্ন এলাকার মতো খড়দহেও মতুয়া অধ্যুষিত বিলকান্দা-২ পঞ্চায়েত এলাকায় তৃণমূল কম ভোট পেয়েছিল। ফলে সেই এলাকা নজরে ছিল তৃণমূলের। ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে, বিলকান্দায় এবার তারা অনেকটাই এগিয়ে থাকবেন, কেননা ইতিমধ্যেই সেখানকার প্রায় ৫০০ বিজেপি কর্মী-সমর্থক তাদের দলে যোগ দিয়েছেন।

পাতুলিয়ায় তৃণমূলে যোগদান
পুজো মিটতেই তৃণমূল নির্বাচনী সভা শুরু করে দিয়েছে। খড়দহের পাতুলিয়ায় সেরকমই এক নির্বাচনী সভায় প্রায় ৩০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন বলে দাবি ঘাসফুল শিবিরের। এছাড়াও বিলকান্দা-২ পঞ্চায়েত এলাকার ৫০ টি পরিবার তৃণমূলে যোগদান করেছে। এরপর রুইয়া এলাকাতেও গেরুয়া শিবির ছেড়েছেন বেশ কয়েকটি পরিবার। তৃণমূলে যোগদানকারীদের মধ্যএ বেশ কিছু সিপিএম কর্মী-সমর্থক আছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

উপনির্বাচনের আগেই আরও ভাঙন
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ৩০ অক্টোবরের উপনির্বাচনের আগেই খড়দহে আরও ভাঙন হবে। তাদের আরও দাবি জেলা নেতৃত্বের কাছে এলাকার বহু বিরোধী নেতা-কর্মী দলবদলের আবেদন করে রেখেছেন। আলোচনা মিটলেই দলবদল সম্পন্ন হবে। এর আগে রহড়ার অরুণাচল এবং বন্দিপুরেও বিজেপির শিবির ভাঙিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই এই যোগদান বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও বিজেপির তরফে এই দলবদলকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি।

দিন কয়েক আগে দিনহাটাতেও বড় ভাঙন
দিন কয়েক আগে দিনহাটাতেও গেরুয়া শিবিরে বড় ভাঙন ধরিয়েছে তৃণমূল। তৃণমূলে যোগ দিয়েছিলেন, বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক সুদের কর্মকার এবং দিনহাটার সংযোজক কল্যাণ সরকার। তার ২৪ ঘন্টা আগেই বিজেপি ছেড়েছিলেন সেখানকার প্রায় ৩০০ কর্মী-সমর্থক। তৃণমূলে যোগ দেওয়ার পরেই, দলবদলকারীরা বিজেপিতে কাজ করার পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছিলেন।












Click it and Unblock the Notifications