প্রার্থী তালিকা ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু, কাকদ্বীপের ঘটনায় বিদ্রোহের আঁচ শাসক দলের শিবিরে
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই নিজেদের নামে দেওয়াল লিখন শুরু করে দিলেন কাকদ্বীপের ২টি পঞ্চায়েত এলাকায়। কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর গ্রামে নিজেেদর প্রার্থীর নাম ঘোষণা করেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তাঁরা।
দলের পক্ষ থেকেই বার্তা দেওয়া হয়েছিল যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিমোর নির্দেশেই তৈরি হবে তালিকা। কিন্তু এতদিন অপেক্ষা করতে নারাজ কাকদ্বীপের এই দুটি গ্রামে নেতারা। নিজেদের প্রার্থী ঘোষণা করেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তাঁরা।

কাকদ্বীপ বিধানসভা এলাকার দুটি পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থীদের নামে দেওয়াল লিখন ও ফ্লেক্স লাগিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। কাকদ্বীপের ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর গ্রাম। এই গ্রামের ১৪২ নম্বর বুথের তৃণমূল প্রার্থী হিসেবে অনামিকা বাগের নামে ফ্লেক্স লাগানো হয়েছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রামের একাধিক এলাকায় এই ফ্লেক্স চোখে পড়েছে।

আবার শ্রীনগর পঞ্চায়েতের রামরতনপুর গ্রামে গত শনিবার রাতে দেওয়াল লিখন হয়েছে তৃণমূল প্রার্থী সুজন জানার নামে। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার নামের অংশটুকু এসে মুছে দেন দলের একাংশ। সুজনকে বারে বারে ফোন করেও পাওয়া যায়নি। তবে অনামিকা বাগ জানিয়েছেন, ব্লকের নির্দেশে তাঁকে প্রার্থী করা হয়েছে। দলের কর্মীরা প্রচার শুরু করেছেন। আগাম প্রার্থীদের নামে দেওয়াল লিখন ও ফ্লেক্স লাগানোর বিষয়ে সুন্দরবন সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি বাপি হালদার বলেছেন, দলের রাজ্য নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করবেন। কি করে প্রার্থীদের নাম দিয়ে প্রচার শুরু হল তা ব্লক নেতৃত্বের কাছে খোঁজ নিয়ে দেখছি।

এদিকে জেলা সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষের বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক জেলায় সফা করছেন। সেখান থেকেই পঞ্চায়েত ভোট নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। কেউ যেন দলের উর্ধে উঠে নিজেকে না ভাবেন। যিনি কাজ করেছেন তিনিই টিকিট পাবেন। কোনও দাদােক ধরে টিকিট পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে স্বচ্ছ ভাবমূর্তির ভিত্তিতে প্রার্থী নির্বাচনে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণে জেলায় জেলায় সভা করে আগে সেখানকার নেতাদের বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications