মুকুল এবার সক্রিয় হবেন তৃণমূলে! মমতার সঙ্গে মঞ্চ শেয়ারের পরই জল্পনা তুঙ্গে
মুকুল কবে সক্রিয় হবেন তৃণমূলে! মমতার সঙ্গে মঞ্চ শেয়ারের পরই জল্পনা তুঙ্গে
একুশের নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক মাস যেতে না যেতেই বিজেপির সঙ্গে সম্পর্ক গুটিয়ে তৃণমূলে ফিরেছিলেন মুকুল রায়। ঘটা করে তাঁকে যোগদান করানোর পর রাজনৈতিক মহল মনে করেছিল তাঁকে উত্তর-পূর্বের রাজ্যে- বিশেষ করে ত্রিপুরায় ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু এতদিন কোনও পাত্তাই ছিল না মুকুলের। পুরো ছ-মাস পর তাঁকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে।

মমতা-মুকুল ছ-মাস পর এক মঞ্চে
১১ জুন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন সপুত্র মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়কে এক মঞ্চে দেখা গেল ৯ ডিসেম্বর। নদিয়ার প্রশাসনিক বৈঠকে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে মুকুল রায়কে প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে বলেন।

মুকুলকে নিয়ে অব্যাহত তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব
মুকুল রায়কে তৃণমূলে ফেরানোর পর তাঁর বিধায়ক পদে ইস্তফা নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে তৃণমূল ও বিজেপির মধ্যে। মুকুল রায় বিধায়ক পদে ইস্তফা দেন কি না তা নিয়ে জল্পনার মাঝেই তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। দু-দুটি মামলায় সম্মুখ সমরে তৃণমূলের মুকুল রায় ও বিজেপির শুভেন্দু অধিকারী।

মুকুল রায় ধীরে ধীরে তৃণমূলে সক্রিয় হবেন
মুকুল রায় ধীরে ধীরে তৃণমূলে সক্রিয় হয়ে উঠছিলেন। কিন্তু পত্নীবিয়োগে তিনি ভেঙে পড়েন। নিজেও অসুস্থ হয়ে পড়েন। এরই মধ্যে কৃষ্ণনগরে নিজের বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের মঞ্চে মুকুল রায় মুখ ফসকে নিজেকে বিজেপি নেতা হিসেবে বিবৃতি দিয়ে বসেন। মুকুল রায় অসুস্থ, তাই তাঁর স্মৃতিভ্রংশ হচ্ছে বলে ব্যাখ্যা দেন পুত্র শুভ্রাংশুও। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে চিকিৎসার পরামর্শ দেন।

তৃণমূল কি এবার মুকুলকে সক্রিয় রাজনীতিতে ব্যবহার করবে
তারপর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুল রায়কে। একুশের নির্বাচনের জেতার অদ্যাবধি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিল্লি সফরের সময়ে তিনি সফরসঙ্গী ছিলেন। এবার অনেকটাই সুস্থ হয়ে কৃষ্ণনগরের প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকলেন। এবার তৃণমূল তাঁকে সক্রিয় রাজনীতিতে ব্যবহার করেন কি না, তাই দেখার।

কবে আবার সক্রিয় রাজনীতিতে নামবেন মুকুল রায়
নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে মমতা-মুকুল একমঞ্চ শেয়ার করার পর রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, এবার তাঁকে তৃণমূলের হয়ে ময়দানে নামতে দেখা যেতে পারে। তবে কবে তিনি সক্রিয় রাজনীতিতে নামবেন, তা স্পষ্ট হয়নি এখনও। বরং বিধানসভায় পিএসি চেয়ারম্যান বিতর্কে তিনি সময় চেয়েছেন আদালতের মুখোমুখি হতে।

মমতার সফরসঙ্গী হবেন মুকুল! সম্ভাবনা উজ্জ্বল
মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের শেষ দিকে উত্তর-পূর্ব ভারত সফরে বেরোতে পারেন। তাঁর মূল গন্তব্য হবে ত্রিপুরা এবং মেঘালয়। সেই সফরে মমতার সঙ্গী হতে পারেন মুকুল রায়। ত্রিপুরায় মুকুল রায়ের একটি পরিসর রয়েছে। সেই পরিসর কাজে লাগাতে এবার মুকুল রায়কে ব্যবহার করতে পারে তৃণমূল।












Click it and Unblock the Notifications