সলমনের বিগ বস-এ ভাগ্য পরীক্ষা শাহরুখের!

আগামী অক্টোবর মাসে শুরু হবে বিগ বস সিজন ৮। বিগ বস ৭-এর সময়ই সলমন খান জানিয়েছেন এই সিজনই হয়তো শেষবার দেখা যাবে তাঁকে। তার পর থেকেই নতুন সঞ্চালক নিয়ে জল্পনা শুরু হয়।
গত সপ্তাহে কালার্সের জন্ম দিনের পার্টিতে শাহরুখ খানের উপস্থিতি সেই জল্পনাকেই উস্কে দিচ্ছে। তার উপর বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানের সূত্রে কালর্সের সঙ্গে যুক্ত থাকলেও সলমনকে দেখা যায়নি এদিনের অনুষ্ঠানে। সব মিলিয়ে মনে করা হচ্ছে শাহরুখ খানকেই দেখা যাবে আগামী বিগ বসের পর্বগুলিতে।
গত বছরে বিগ বস প্রতিযোগী তনিশার হয়ে পক্ষপাতের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বিতর্কে জড়িয়ে পড়েন সলমন। এর পরই চটেছিলেন এই দাবাঙ্গ অভিনেতা। জানিয়ে দিয়েছিলেন আর এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন কি না তা নিয়ে ভাববেন।
অন্যদিকে তারকা হিসাবে সুপার-ডুপার হিট হলেও রিয়্যালিটি শো সঞ্চালনার বিষয়ে ভাগ্যটা অতটা সঙ্গ দেয় না বাদশার। বিগ বি-র বদলে করতে আসা কৌন বনেগা কড়োরপতি হোক বা কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়-র মতো রিয়্যালিটি কুইজ গেম শো-এ সেভাবে দর্শকের কাছে গ্রহণযোগ্য হতে পারেননি শাহরুখ। তাই কেবিসি-তে ফের ফিরিয়ে আনা হয়েছিল বিগ বিকে। পাঁচভি পাসও মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল।
তাই প্রশ্ন তো থেকেই যাচ্ছে শাহরুখকে এনে সলমনের বিগ বস জনপ্রিয়তাকে কী টেক্কা দিতে পারবেন কিং, নাকি আবারও পুরনো অধ্যায়ের পুনরাবৃত্তি হবে তাই দেখার।












Click it and Unblock the Notifications