প্যারিস পাড়ি দিল তুষার বল্লভের ‘ডেমোক্কেসি’, প্রদর্শিত হবে গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভ্যালে
সমাজে রাজনীতির যে ছবি বাস্তবে উঠে আসছে, তা কখনওই প্রশংসার যোগ্য নয়। রাজনৈতিক হিংসার প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের উপর। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন কীভাবে রাজনৈতিক চর্চায় প্রতিদিন পিষ্ট হচ্ছে, এবার সেই বাস্তব চিত্রই সিনেমায় তুলে ধরলেন পরিচালক তুষার বল্লভ।
পরিচালকের দ্বিতীয় সিনেমা 'ডেমোক্কেসি'। এই ছবিতেই নিম্ন মধ্যবিত্তের জীবনে রাজনীতির ঠিক কতটা প্রভাব পড়ছে তা ফুটিয়ে তুলেছেন পরিচালক তুষার বল্লভ। 'ডেমোক্কেসি' নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্র জগতে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার আ্যপোরিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি দেখানো হয়েছে।

এবার ফ্রান্সের প্যারিসে গঁজ সুর্ সেইন ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে পরিচালক তুষার বল্লভের 'ডেমোক্কেসি' ছবিটি। আগামী ৬ অক্টোবর দুপুর ২ টোয় প্যারিসের লি-লিনকন সিনেমায় দেখানো হবে ছবিটি। ছায়া চিত্র প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে তুষার বল্লভ তৈরি করেছেন তাঁর দ্বিতীয় ছবি 'ডেমোক্কেসি'।
এই সিনেমায় প্রধান চরিত্র 'জবা'র ভূমিকায় অভিনয় করেছেন সঙ্গীতা বল্লভ, 'গোপাল'-এর ভূমিকায় অভিনয় করছেন পুলকেশ ভট্টাচার্য। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শিশু শিল্পী শ্রেয়ানা বল্লভ, তন্ময় মজুমদার, সুরজিৎ মণ্ডল সহ আরও অনেকে। সিনেমাটিতে সঙ্গীত পরিচালনা করেছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীতা বল্লভ। সিনামাটির চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। সম্পাদনার কাজ একা হাতে সামলেছেন গোবিন্দ নস্কর।

পরিচালক তুষার বল্লভের প্রথম সিনেমা 'বাকি ইতিহাস'। এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২০২২ সালে। ছবিটি মোট ছয়টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। পেয়েছে বেশ কয়েকটি পুরস্কারও। এরপর পরিচালকের দ্বিতীয় সিনেমা 'ডেমোক্কেসি'। সুন্দরভাবে সযত্নে এই ছবির গল্প বুনেছেন পরিচালক। নতুন ধরনের এই বাংলা সিনেমাটি পুরস্কারের এক মহান দাবিদার হয়ে উঠবে, সে বিষয়ে আশাবাদী কলাকুশলী থেকে শুরু করে ছবির পরিচালক ও প্রযোজক সকলেই।












Click it and Unblock the Notifications