সুশান্ত সিং রাজপুত মৃত্যুবার্ষিকী: বলিউডের বড় বাজেটের ছবিও হাতছাড়া করেছিলেন সুশান্ত
বলিউডের বড় বাজেটের ছবিও হাতছাড়া করেছিলেন সুশান্ত
গত বছরের ১৪ জুনের সকালটা দেশবাসীর কাছে শুরু হয়েছিল খুব খারাপ খবর দিয়ে। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। এরপরই দেশজুড়ে তাঁর মৃত্যু নিয়ে কাঁটাছেঁড়া চলতে থাকে। সুশান্তের ব্যক্তিগত জীবনের বহু তথ্যই প্রকাশ্যে চলে আসে। তবে বর্তমানে এই কেসটি এখন সিবিআইয়ের হাতে রয়েছে।
২০০৮ সালে সুশান্ত 'কিস দেশ মে হ্যায় মেরা দিল’ দিয়ে টেলিভিশন জগতে প্রবেশ করলেও সুশান্ত জনপ্রিয়তা পান ২০০৯ সাএ জি টিভির জনপ্রিয় শো 'পবিত্র রিস্তা’র মাধ্যমে। এখানে সুশান্তের চরিত্রের নাম ছিল মানব এবং তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। ছোট পর্দায় দর্শকদের মন জয় করার পর তিনি পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে কাই পো চে সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। যদিও তাঁর মৃত্যুর আগে পর্যন্ত বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব তাঁর হাত থেকে ফস্কে যায়।

পদ্মাবত, বাজিরাও মস্তানি ও রাম–লীলা
পরিচালক সঞ্জয় লীলা বনশালি সুশান্ত মৃত্যুর তদন্তের সময় পুলিশকে জানিয়ে ছিলেন যে তিনি সুশান্তকে গোলিও কি রাশলীলা রাম-লীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবতে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরিচালক ও সুশান্তের মধ্যে তারিখ নিয়ে গণ্ডগোল দেখা দেওয়ায় এই তিনটে ছবি হাতছাড়া হয়ে যায় সুশান্তের থেকে।

ফিতুর
কাই পো চে-এর পরিচালক অভিষেক কাপুরের সঙ্গে সুশান্তের আরও একবার কাজ করার সুবর্ণ সুযোগ ছিল, ফিতুর সিনেমায়। যদিও পরে সুশান্তের জায়গায় আদিত্য রয় কাপুরকে নেওয়া হয়েছিল এই ছবিতে। সুশান্ত এক সাক্ষাতকারে বলেছিলেন, 'না, আমার কোনও আফশোষ নেই। কিছু জিনিস সারা জীবন ধরে আমি অনুসরণ করে যাবো যতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করব। আমার যদি স্ক্রিপ্ট পছন্দ হয় এবং আমি যদি আপনাকে কথা দিয়ে থাকি তবে আমি যত ভালো ও বড় বাজেটের ছবির প্রস্তাব পাই না কেন আমি আপনার সঙ্গে প্রতারণা করব না। কারণ আমি আপনাকে হ্যাঁ বলেছি।'

হাফ গার্লফ্রেন্ড
চেতন ভাগতের গল্প অবলম্বনে তৈরি হাফ গার্লফ্রেন্ড ছবিতে লেখকের প্রথম পছন্দ ছিলেন সুশান্ত সিং রাজপুত। যদিও পরে এই ছবিতে অর্জুন কাপুর ও শ্রদ্ধা কাপুরকে দেখা যায়। তবে সুশান্ত কোনও একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি এক বছরে ১২টা ছবি হারিয়েছেন।

রোমিও আকবর ওয়াল্টার
সুশান্ত সিং রাজপুতের কাজ করার কথা ছিল এই অ্যাকশন সিনেমায় কিন্তু সময়-তারিখ মিল না খাওয়ায় অভিনেতা এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন। পরে অবশ্য এই ছবির জন্য পরিচালক জন আব্রাহামকে নেন। সুশান্ত এই নিয়ে এক সাক্ষাতকারে বলেছিলেন, 'দুর্ভাগ্যবশত, আমি রোমিও আকবর ওয়াল্টারের অংশ হতে পারলাম না শুধু আমার পূর্বের প্রতিশ্রুতির জন্য। আমার এই গল্পটা খুব ভালো লেগেছিল এবং আমি এই ছবির অংশ হতে চেয়েছিলাম কিন্তু সেটা হল না।'












Click it and Unblock the Notifications