সংসার ভাঙছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের, বিজ্ঞপ্তি দিয়ে জানালেন স্ত্রী সায়রা
বিবাহ বিচ্ছেদ হচ্ছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এআর রহমানের। ২৯ বছরের বিবাহিত জীবনে ইতি টানলেন রহমানের স্ত্রী সায়রা। এদিন মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁদের দীর্ঘ প্রায় তিন দশকের বিবাহিত জীবনে ইতি টানার কথা ঘোষণা করেছেন সায়রা।
সায়রা জানিয়েছেন, বিবাহিত জীবনের এত দীর্ঘ সময় পরে এই কঠিন সিদ্ধান্তটা তাঁকে নিতে হয়েছে। এই তারকা দম্পতির সম্পর্কে বেশ কিছু ফাটল তৈরি হয় এবং যার ফলশ্রুতিতেই তাঁদের আলাদা হতে হচ্ছে। একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকলেও জীবনে চলার পথে এমন কিছু সমস্যার মধ্যে দিয়ে তাঁদের যেতে হয়েছে যা তাঁদের দুজনের সম্পর্কের যাত্রাপথকে কঠিন করে তুলেছে।

সায়রা জানিয়েছেন, অনেক দুঃখ এবং বেদনার মধ্যে দিয়ে তাঁদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এমন একটা কঠিন সময়ে সকলের কাছে কিছুটা একান্ত সময় চেয়ে নিয়েছেন তিনি। এমনটাই প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সায়রা।
১৯৯৫ সালে বিয়ে হয় রহমান এবং সায়রার। দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাঁদের। রহমান এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মা সায়রাকে তাঁর জন্য পছন্দ করেন। কারণ তাঁর পক্ষে পাত্রী খোঁজার সময় ছিল না।
রহমান বলেন, সত্যি বলতে আমার সেই সময় মেয়ে খোঁজার সময় ছিল না। আমি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলাম। তবে আমি জানতাম বিয়ে করার এটাই আমার জন্য সঠিক সময়। আমার তখন ২৯ বছর বয়স। সে সময় মাকে পাত্রী খোঁজার সম্মতি দিই।
পাত্রী খোঁজার সময় রহমান মাকে শর্ত দেন যে, এমন মেয়ে খুঁজতে হবে যে সহজ-সরল হবে এবং তাঁকে বিপদে ফেলবে না। কারণ রহমান মিউজিক নিয়ে থাকতে চেয়েছিলেন। এবং চেয়েছিলেন তাঁর হবু স্ত্রী যেন তাঁকে তাঁর কাজে সঙ্গ দেন। সায়রা এবং রহমানের তিন সন্তান। দুই মেয়ে খাতিজা এবং রহিমা, এবং এবং পুত্র আমিন।












Click it and Unblock the Notifications