শ্রীলেখার পরবর্তী ছবিতে কাজ করবেন তাঁর পিসি, অন্য এক চরিত্রে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে
শ্রীলেখার পরবর্তী ছবিতে কাজ করবেন তাঁর পিসি
অভিনয়ের পাশাপাশি চুটিয়ে পরিচালকের কাজ করে চলেছেন টলিউডের শ্রীলেখা মিত্র। তাঁর পরিচালিত ছবি 'বিটার হাফ’–এর কাজ শেষ হয়েছে বেশ কিছুদিন হল। এবার তাঁর পরবর্তী ছবির কথা রবিবারের দুপুরে ঘোষণা করে তাঁর ভক্তদের চমকে দিলেন। না, ছবির নাম তিনি জানাননি কিন্তু এই ছবির দুই মুখ্য অভিনেতাকে সামনে এনেছেন। তাঁর আগামী ছবিতে নিজের পিসি তপতী দাসকে মুখ্য চরিত্রাভিনেতা ঘোষণা করেছেন শ্রীলেখা। এছাড়াও ছবিতে দেখা যাবে অমৃতা চট্টোপাধ্যায়কে।

শ্রীলেখার আগামী ছবিতে ৭০ বছরের এক মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তাঁর পিসি। তাঁর মেয়ের ভূমিকায় দেখা যাবে অমৃতাকে। ছবির গল্প না জানা থাকলেও জানা গিয়েছে যে শ্রীলেখার বাবা আর পিসির জীবন এই ছবির অনুপ্রেরণা। তাঁদের জীবনের টুকরো টুকরো গল্প নিয়েই তৈরি হবে এটি। তবে কোনও জনপ্রিয় অভিনেত্রীর বদলে কেন নিজের পিসিকেই এই ছবিতে বাছলেন? শ্রীলেখা জানান, ছবির চরিত্রের দাবি অনুযায়ী তাঁর পিসির সঙ্গে তা খুব খাপ খাচ্ছিল। তাছাড়া চরিত্রের মতোই তাঁর পিসিও একা। পিসেমশাই অনেক দিন মারা গিয়েছেন। পিসিরও এক মেয়ে। অভিনয় সম্বন্ধে ইতিমধ্যেই পিসিকে নানা টিপস দিচ্ছেন শ্রীলেখা। লকডাউন উঠলে কর্মশালাতেও পাঠাবেন পিসিকে। অমৃতা জানিয়েছেন শ্রীলেখার ছবির স্ক্রিপ্ট তাঁর ভালো লেগেছে, তাই তিনি এই ছবি করতে রাজি হয়েছেন।
আপাতত শ্রীলেখা মন দিচ্ছেন অংশুমান প্রত্যুষের আগামী ছবি 'নির্ভয়া’-য়। লকডাউন উঠলেই আবার শ্যুট শুরু হবে, জানালেন তিনি। শ্রীলেখা জানিয়েছেন তাঁর ছবির শুটিং শুরু হবে পুজোর পর বা শীতকালে।












Click it and Unblock the Notifications