গুড্ডু বনাম কালিন ভাইয়ার যুদ্ধের কাউন্ট ডাউন শুরু, আসছে মির্জাপুর সিজন ৩
গুড্ডু বনাম কালিন ভাইয়ার যুদ্ধের কাউন্ট ডাউন শুরু, আসছে মির্জাপুর সিজন ৩
"শুরু মজবুরি মে কি থি, অব মজা আ রাহা হ্যায়"। হাতে বন্ধুক, গুলির বর্ষা, ভরপুর অ্যাকশন থ্রিল আর হাড়হীম করা সংলাপ, এটাই হল জনপ্রিয় ওয়েব সিরিজ 'মির্জাপুর'-এর 'আইডেন্টিটি'। 'মির্জাপুর'-এর দুটি সিজনই সুপারহিট হওয়ার পর এবারের তৃতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। 'মির্জাপুর সিজন-৩'-তে সকলের প্রিয় কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিত ছাড়াও, দর্শকরা মুন্না ভাইয়া এবং বিনা ত্রিপাঠিকে দেখতে পাবেন। তবে এই সিরিজে গল্পকে আরও আকর্ষণীয় করতে, আরও কিছু নতুন মুখকে স্টারকাস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 'মির্জাপুর' পরিবারের নয়া সদস্যদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রসিকা দুগ্গাল।

মির্জাপুরের কাস্টিং টুইস্ট
'মির্জাপুর সিজন ৩' উপলক্ষে 'বিনা ত্রিপাঠি' অর্থাৎ রসিকা দুগ্গাল সোশ্যাল মিডিয়ায় নতুন এবং পুরানো স্টারকাস্টের কিছু ছবি শেয়ার করেছেন সম্প্রতি। এই ছবিতে 'মির্জাপুর'-এর অনেক নতুন মুখ ছাড়াও পুরনো মুখকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগাল, বিজয় ভার্মা, হর্ষিতা গৌর, অঞ্জুম শর্মা, প্রিয়াংশু পাইনিউলি, শীবা চাড্ডা এবং রাজেশ তাইলাংকে দেখা গিয়েছে। আর সেই সঙ্গে 'কালিন ভাইয়া' অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠী এবং গুড্ডু পণ্ডিত অর্থাৎ আলি ফজলকে আবার মুখোমুখি টক্করে দেখা যেতে চলেছে। এই সিজনে বিশেষ চরিত্রে দেখা যাবে মেঘনা মালিককেও।

নতুন ভাবে হবে লড়াই
'মির্জাপুর সিজন ৩'-এর জন্য ভক্তরা অনেক দিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই সুপারহিট ওয়েব সিরিজের তৃতীয় সিজনে, কালিন ভাইয়া এবং গুড্ডুর সংঘাত এখন নতুন রূপে দেখা যাবে। আগের সিজন শেষ হয়েছিল কালিন ভাইয়ার ছেলে মুন্না ত্রিপাঠীর মৃত্যু দিয়ে। নিজের ভাই বাবলু পণ্ডিত ও দিদি পিঙ্কির খুনের প্রতিশোধ নিতে মুন্নাকে গুলি করে গুড্ডু পণ্ডিত আর গোলু। কিন্তু কোনও ভাবে বেঁচে গিয়েছেন কালিন ভাইয়া। আর এবার তিনি কেমন অবতারে ফিরে আসেন ও তার ফলে কোন ভয়ঙ্কর সংঘাতের দিকে মোড় নেয় গুড্ডুর সঙ্গে তাঁর লড়াই, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

ক্যাপশনে অ্যাকশন
'মির্জাপুর সিজন ৩'-এর স্টারকাস্টের ছবি শেয়ার করে রসিকা দুগ্গাল। ছবির নীচে ক্যাপশনে জনপ্রিয় অভিনেত্রী লিখেছেন, 'গত রাতের কথা... পরিচিত এবং অচেনা মানুষের সঙ্গে ফের দেখা। কিছু স্মৃতি পুনরায় সামনে এল, এবং অসম্পূর্ণ গল্প দিয়ে নতুন স্মৃতি তৈরি করল।' সেইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'মির্জাপুর সিজন ৩ আসছে। এবার তা কবে আসবে তা একমাত্র বলতে পারে প্রাইম ভিডিও ডট ইন। এখন যে কোনও ভালো জিনিসের জন্য অপেক্ষা তো করতেই হয়।' আর এই ক্যাপশন দেখেই দর্শকরা অনুমান করতে শুরু করে দিয়েছেন যে ভরপুর অ্যাকশন দেখা যেতে চলেছে মির্জাপুরের এই সিজনেও।

গুড্ডু বনাম কালিন ভাইয়া
'কালিন ভাইয়া জিন্দা হ্যায়'। অর্থাৎ গুড্ডুর গুলি খাওয়ার পরেও যে কালিন ভাইয়া বেঁচে আছেন তা সিজন ২-এর শেষেই জেনে গিয়েছিলেন সকলে। আর এবার আহত বাঘ আরও ক্রূর হয়, এই প্রবাদ সামনে রেখেই দেখা যেতে চলেছে গুড্ডু বনাম কালিন ভাইয়ার রক্তক্ষয়ী সংঘাত। আর সেখানে মির্জাপুর কার দখলে থাকবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে শক্তি প্রদর্শন যথেষ্ট তাগড়াই হবে তা বলা বাহুল্য। এখন কোন দিকে সঞ্চালিত হবে মির্জাপুরের ভাগ্য, তা জানতে হলে আপাতত সিরিজ শুরু হওয়া পর্যন্ত কাউন্ট ডাউন শুরু করে দিয়েছেন দর্শককুল।












Click it and Unblock the Notifications