নবম থেকে দ্বাদশ পর্যন্ত টেট বাধ্যতামূলক! শিক্ষক নিয়োগে নতুন নিয়মের প্রস্তাব NCTE-র
শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়মের প্রস্তাব করেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তাদের প্রস্তাব অনুসারে, মাধ্যমিত স্তর অর্থাৎ নবম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণি পর্যন্ত টেট বাধ্যতামূলক করা হয়েছে। প্রসঙ্গত সোমবার টেট নিয়ে জাতীয় সম্মেলনে আলোচনা করা হয়।
টেট অর্থাৎ শিক্ষক যোগ্যতা পরীক্ষা হল এমন একটি পরীক্ষা যেখানে শিক্ষক হতে ইচ্ছুকদের বাছাই করা হয়। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র সঙ্গে অংশীদারিত্বে কাউন্সিল জাতীয় শিক্ষানীতি ২০২০-র অধীনে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আলোচনা ও কাজ করতে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট)-র ওপরে একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল।

সম্মেলনে এনসিটিই-র সদস্য সচিব আইআরএস মিসেস কেসাং ওয়াই শেরপা বলেছেন, এনইপি ২০২০ বিভিন্ন স্তরে টেটের সুপারিশ করেছে। তিনি আরও জানিয়েছেন এনসিটিই মাধ্যমিক স্তরে টেট-এর প্রস্তাব ও বাস্তবায়ন নিয়ে কাজ করছে।
সিবিএসই-র চেয়ারপার্সন, আইএএস নিধি ছিব্বার বলেছেন, একজন শিক্ষক শ্রেণিকক্ষে একটি কার্যকর পরিবেশ তৈরি করে। তাই একজন শিক্ষকের সম্ভাব্য দক্ষতা বুঝতে টেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনসিটিইর চেয়ারপার্সন অধ্যাপক যোগেশ সিং বলেছেন, শিক্ষা হল ব্যক্তিগত বোঝাপড়ার বিকাশ ও নম্বরে ফোকাস করার পরিবর্তনে ছাত্রদের মধ্যে ভারতীয় নীতি ও মূল্যবোধের বিকাশের দিকে মনোযোগী হওয়া উচিত। যা এনইপি ২০২০-তে বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের তরফে টেট-এর আহ্বায়ক অভিমন্যু যাদব পরীক্ষার প্রক্রিয়া, যোগ্যতার মান, স্কুলে শিক্ষকতার জন্য যোগ্য পেশাজীবীদের নির্বাচন নিশ্চিত করার এবং স্কুল শিক্ষার সব স্তরে তা বাস্তবায়নের গুরুত্বের মতো বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ করা যেতে পারে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টেট বাধ্যতামূলক ছিল। এবার এনসিটিই দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে।












Click it and Unblock the Notifications