Uber Group Rides: উবার বুক করে পরিচিতদের নিয়ে গন্তব্যে যাওয়া আরও মসৃণ, ভাড়ার ক্ষেত্রে বিরাট সুযোগ গ্রুপ রাইডে
Uber Group Rides: উবার ব্যবহারকারীদের জন্য খুশির খবর। কোনও গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে ভাড়া নিয়ে ভাবনা লাঘব হবে অনেকটাই। উবার ইন্ডিয়ার নয়া ঘোষণায় কোনও যাত্রীর খরচ ৩০ শতাংশের কাছাকাছি কমতে পারে।
ভারতে এবার উবার গ্রুপ রাউড চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সুবিধা নিতে চাওয়ার প্রক্রিয়াটিও বেশ সহজ। সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ধরা যাক, আপনি কোনও গন্তব্যে যাওয়ার জন্য উবার বুক করলেন। তাতে ভাড়া দিতে হয় আপনাকেই। যদি একই গন্তব্যে আপনার বন্ধু বা সহকর্মী বা আত্মীয়রা যান তাহলে তাঁদের আর আলাদা করে ক্যাব বুকিংয়ের দরকার পড়বে না। তিনজন বন্ধু, সহকর্মী বা আত্মীয় একই গাড়িতে গন্তব্যে যেতে পারবেন। ভাড়াও তিন ভাগে ভাগ করা যাবে। ভাড়া ভাগাভাগির পরিমাণ নির্ভর করবে যাত্রী সংখ্যার উপর।
গ্রুপ রাইডের সুবিধা নিতে চাইলে কোনও যাত্রী মেসেজিং অ্যাপের মাধ্যমে রাইড ডিটেলস বা ক্যাব বুক করে গন্তব্য সংক্রান্ত তথ্য তাঁর বন্ধু, সহকর্মী বা আত্মীয়দেপ জানাতে পারবেন। উবার রাইডে তাঁদের যুক্ত করা যাবে। এরপর কে কোন জায়গা থেকে গাড়িটিতে উঠবেন সেই জায়গাটির তথ্য বা পিক আপ লোকেশন দিতে পারবেন। এতে দুই বা তিনজনের আলাদা করে কোনও গাড়ি বুক করতে হবে না।

উবার ইন্ডিয়ার ডিরেক্টর অব সেন্ট্রাল অপারেশনস নীতীশ ভূষণ বলেছেন, আমরা সব সময়ই যাত্রীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে নানাবিধ নতুন পদক্ষেপ করি। যাত্রার খরচ যাতে সাধ্যের মধ্য়ে থাকে, গন্তব্যে যাওয়ার প্রক্রিয়া যাতে মসৃণ হয়, সেটা মাথায় রাখা হয়। পরিচিতদের সঙ্গে একই গন্তব্যে যেতে কেউ গ্রুপ রাইডের সুবিধা নিলে তাঁদের খরচ যেমন কমবে, তেমনই একই সঙ্গে গন্তব্যে পৌঁছতে পারবেন।
রাস্তায় যত বেশি গাড়ি থাকে তাতে যানজটের আশঙ্কাও থাকে। গ্রুপ রাইড বুক করা হলে একই গন্তব্যে যেতে দুটি বা তিনটি গাড়ির প্রয়োজন পড়বে না। ফলে এই বিষয়টি যানজট নিয়ন্ত্রণ করতেও তাৎপর্যপূর্ণ। এই নয়া সুবিধায় গাড়ি চালকের কোনও ক্ষতির আশঙ্কা নেই। যাত্রীদের ভাড়া ভাগাভাগি হলেও উবার গো বা উবার প্রিমিয়ার রাইডে যে ভাড়া কোনও গন্তব্যের জন্য নির্ধারিত থাকে, চালক সেটাই পাবেন।
উবার গ্রুপ রাইড বুক করতে হলে উবার অ্যাপে গ্রুপ রাইড আইকনে ট্যাপ করতে হবে। গ্রুপ রাইডের জন্য অনুরোধ পাঠিয়ে, বুকিং ডিটেলস দেখে নেওয়া যাবে অ্যাপে। এরপর ট্রিপের লিঙ্ক পাঠিয়ে বন্ধু বা সহকর্মী বা আত্মীয়দের প্রথম যাত্রী আমন্ত্রণ জানাবেন। যাঁদের কাছে লিঙ্ক গেল তাঁরা নিজেদের গাড়িতে ওঠার জায়গা চিহ্নিত করে যুক্ত করতে পারবেন। ড্রাইভার-পার্টনার চলে এলেই নিশ্চিন্তে যাত্রা শুরু করা যাবে বলে জানিয়েছে উবার।
(ছবি- উবার ইন্ডিয়া প্রেস রিলিজ)












Click it and Unblock the Notifications