প্রবীণ নাগরিকদের জন্য বেশি সুদ, কয়েকটি ব্যাঙ্কের তথ্য একনজরে
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে এখনও তেমন ঝুঁকি নেই। বিনিয়োগকারীদের কাছে এটি নিরাপদ হিসেবেই বিবেচিত। পাশাপাশি আমানতকারীরা যদি প্রবীণ নাগরিক হন, তাহলে সাধারণভাবে ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন। যাঁরা সাধারণভাবে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পেতে চান, তাঁরা তাঁদের বাবা-মায়ের নামে ব্যাঙ্কে বিনিয়োগ করুন।
অনেকেই বিনিয়োগে নিরাপত্তা খোঁজেন, বিশেষ করে প্রবীণ নাগরিকরা। ব্যাঙ্কগুলি এক্ষেত্রে বেশি সুদের পাশাপাশি নিরাপত্তাও দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য বিনিয়োগে দেশের সেরা ব্যাঙ্কগুলির কোনটি কত শতাংশ সুদ অফার করে, তা দেখে নেওয়া যাক।

এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য স্থায়ী আমানতে ৭.৩০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। এক্ষেত্রে এক বছর থেকে দুই বছরের জন্য সুদের হার ৭.৩০ শতাংশ। ২-৩ বছরের জন্য সুদের হার ৭.৫০ শতাংশ। ৩-৫ বছরের স্থায়ী আমানতের সুদের হার ৭.২৫ শতাংশ। পাঁচ বছরের বেশি মেয়াদে সুদের হার ৭.৫ শতাংশ। এছাড়াও প্রবীণ নাগরিকরা অমৃত কলস ফিক্সড ডিপোজিট স্কিমে ৭.৬ শতাংশ সুদ পেতে পারেন। এই প্রকল্পের সীমা ৩১ মার্চ পর্যন্ত।
ব্যাঙ্ক অফ বরোদা প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে ৭.৩৫ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ সুদ দিয়ে থাকে। এক থেকে দুই বছরের ফিক্সড ডিপোজিটে বয়স্ক নাগরিকদের জন্য ৭.৩৫ শতাংশ এবং দুই থেকে তিন বছরের মেয়াদের জন্য ৭.৭৫ শতাংশ সুদ দিয়ে থাকে। এছাড়া ৩৯৯ দিনের বরোদা তিরঙ্গা প্লাস ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ৭.৬৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য সাত শতাংশ থেকে ৭.২৫ শতাংশ সুদ দিয়ে থাকে। এক বছর থেকে পনেরো মাস পর্যন্ত এফডির ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ পাওয়া যায়। পনেরো মাস থেকে দুই বছরের মেয়াদের জন্য সুদের হার ৭.০৫ শতাংশ।
এইচডিএফসি ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের এক বছর থেকে পনেরো মাসের আমানতের ওপরে ৭.১০ শতাংশ সুদ দেয়। ১৫ থেকে ১৮ মাসের জন্য এফডিতে সুদের হার বেড়ে হয় ৭.৬০ শতাংশ। আঠারো মাস থেকে দুই বছর এগারো মাসের এফডিতে সুদের হার ৭.৫ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্ক দীর্ঘ মেয়াদের এফডিতে বেশি সুদও দিয়ে থাকে। চার বছর সাত মাস থেকে ৫৫ মাসের এফডিতে সুদের হার ৭.৭ শতাংশ। ৫-১০ বছর মেয়াদি স্থায়ী আমানতে সুদের সর্বোচ্চ হার ৭.৭৫ শতাংশ।












Click it and Unblock the Notifications